মাত্র ৯ দিনেই আবেদন প্রায় ৭৭ লক্ষ। রাজ্যের নতুন প্রকল্প ঘিরে এমন সাড়া নজিরবিহীন।
যুবক-যুবতীদের জন্য চালু হওয়া Yuvasathi Scheme নিয়ে উত্তেজনা তুঙ্গে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়ায় বুধবার পর্যন্ত জমা পড়েছে ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন। আজ নির্ধারিত সময়সীমার শেষ দিন।
নবান্ন সূত্রে ইঙ্গিত, আবেদনকারীর বিপুল সংখ্যা বিবেচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন। প্রথমে জানানো হয়েছিল ১৫ আগস্ট থেকে তা কার্যকর হবে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১ এপ্রিল থেকেই প্রকল্প চালু হবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া।
শুধু যুবসাথী নয়, রাজ্যজুড়ে ‘স্বনির্ভর বাংলা’ শিবিরেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি আর্থিক সহায়তার ঘোষণার পর নতুন আবেদন জমা পড়ছে দ্রুতগতিতে।
অনলাইন ও শিবির, দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, শেষ দিনে কি বাড়বে সময়সীমা? নজর নবান্নের পরবর্তী ঘোষণার দিকে।





