Gold-Silver Price Crash: বিশ্ববাজারে দুর্বল প্রবণতা এবং মার্কিন ডলারের পুনরুজ্জীবনের জেরে বিনিয়োগকারীরা ব্যাপক মুনাফা তুলতে শুরু করতেই সোনার দামে (Gold Price) বড় ধস নামল। প্রতি ১০ গ্রামে প্রায় ১৪,০০০ টাকা পর্যন্ত কমেছে দর। একই সঙ্গে রুপোর দামেও (Silver Price) চোখে পড়ার মতো পতন দেখা গিয়েছে। কেজি প্রতি ৪ লক্ষ টাকার গণ্ডি ছোঁয়ার পরেই রুপোর বাজার হু হু করে নীচে নেমেছে।
সোনা – রুপোর দামে হঠাৎ পতনের কারন কি?
এই পতনের পিছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে অনিশ্চয়তার আবহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনয়ন দেওয়ার পর থেকেই বাজারে দোলাচল তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব কঠোর অর্থনৈতিক নীতি নিতে পারেন এই আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা বেড়েছে।
ভারতের বড় শহর গুলিতে সোনার দাম
ভারতের বাজারে বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫০,৯৭০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে রুপোর দর কেজি প্রতি প্রায় ২,৯২,৮০০ টাকার কাছাকাছি রয়েছে।
দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় ১,৫০,৬৯০ টাকা প্রতি ১০ গ্রাম। কলকাতায় দর প্রায় ১,৫০,৪৯০ টাকা। রাজধানী দিল্লিতে একই মানের সোনার দাম রয়েছে ১,৫০,৪৩০ টাকার আশপাশে।
দক্ষিণ ভারতের শহরগুলিতে এখনও সোনার দাম তুলনামূলক বেশি। চেন্নাইয়ে প্রতি ১০ গ্রামে দর প্রায় ১,৫১,১৩০ টাকা। হায়দরাবাদে ১,৫০,৯৩০ টাকা এবং বেঙ্গালুরুতে ১,৫০,৮১০ আশপাশে লেনদেন চলছে। ফলে উত্তর ও দক্ষিণ ভারতের বাজারের মধ্যে দামের ফারাক স্পষ্ট।
রুপোর বাজারেও একই ছবি ধরা পড়েছে। মুম্বইয়ে কেজি প্রতি দাম নেমে এসেছে প্রায় ২,৯২২,৮০ টাকায়। দিল্লিতে দর রয়েছে প্রায় ২,৯১,৭৭০ টাকা। চেন্নাইয়ে কেজি প্রতি রুপোর দাম প্রায় ২,৯৩,১৩০ টাকা। হায়দরাবাদে প্রায় ২,৯২,৭৪০ টাকা এবং বেঙ্গালুরুতে প্রায় ২,৯২,৫১০ টাকার আশপাশে লেনদেন হচ্ছে। কলকাতায় বর্তমানে রুপোর দাম প্রায় ২,৯১,৮৯০ টাকা।
বিশ্ববাজারে গত কয়েক দশকের মধ্যে সোনার দামে সবচেয়ে বড় পতনের নজির তৈরি হয়েছে। টানা উত্থানের পর আচমকাই দামে ধস নেমে আউন্স প্রতি মূল্য বারো শতাংশেরও বেশি কমে গিয়েছে। রুপোর ক্ষেত্রেও রেকর্ড ইন্ট্রাডে পতন দেখা গিয়েছে, একদিনের ব্যবধানে তীব্র বিক্রি ধাতুর বাজারকে নাড়িয়ে দিয়েছে। এই আকস্মিক পরিবর্তনে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।






