পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হল সোমবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে লোক ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীরা শপথ নেন। মুখ্যসচিব মনোজ অগ্রবাল মন্ত্রীদের নাম ঘোষণা করেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে শপথ নেন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ফালাকাটার দীপক বর্মন, মানিকতলার তাপস রায়, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, কুমারগ্রামের মনোজ কুমার ওঁরাও, নোয়াপাড়ার অর্জুন সিং, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায়, রাসবিহারীর স্বপন দাশগুপ্ত, বিধাননগরের চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়, খড়দহের কল্যাণ চক্রবর্তী, কাঁথি দক্ষিণের অরূপ কুমার দাস, কুলটির অজয় পোদ্দার এবং ময়ুরেশ্বরের দুধকুমার মণ্ডল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তুফানগঞ্জের মালতী রাভা রায়, গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো এবং বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৯ জন বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন হবিবপুরের জুয়েল মুর্মু, তমলুকের হরেকৃষ্ণ বেরা, মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মন, ময়নার অশোক দিন্দা, শালতোড়ার চন্দনা বাউরি, কালচিনির বিশাল লামা, ভগবানপুরের শান্তনু প্রামাণিক, বর্ধমান দক্ষিণের মৌমিতা বিশ্বাস, হাওড়া উত্তরের উমেশ রাই, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী, রায়গঞ্জের কৌশিক চৌধুরী, শ্রীরামপুরের ভাস্কর ভট্টাচার্য, সোনামুখীর দিবাকর ঘরামী, নয়াগ্রামের অমিয় কিস্কু, আউশগ্রামের কালিতা মাঝি, কান্দির গার্গী দাস ঘোষ, করণদীঘির বিরাজ বিশ্বাস, কাকদ্বীপের দীপঙ্কর জানা এবং বলাগড়ের সুমনা সরকার।
মোট ৩৫ সদস্যের এই মন্ত্রিসভায় সাত জন মহিলা মন্ত্রী স্থান পেয়েছেন। আঞ্চলিক ভারসাম্যের দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে রয়েছেন পাঁচ জন মন্ত্রী। উত্তরবঙ্গ থেকে মন্ত্রিত্ব পেয়েছেন মোট ১০ জন বিধায়ক। তাঁদের মধ্যে চার জন ক্যাবিনেট মন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পাঁচ জন প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভার আরেকটি উল্লেখযোগ্য দিক হল পেশাগত বৈচিত্র্য। শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিক, সংগঠক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে মন্ত্রীসভায়।
উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে পাঁচ জন মন্ত্রীও শপথ নিয়েছিলেন। সোমবার সেই প্রাথমিক কাঠামোর সম্প্রসারণ ঘটিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হল।
লোক ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরাও। প্রায় ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। তিন দফায় সম্পন্ন হয় শপথগ্রহণ পর্ব। প্রথমে ১৩ জন ক্যাবিনেট মন্ত্রী, পরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং শেষে প্রতিমন্ত্রীরা শপথ নেন।
নতুন সরকারের প্রশাসনিক দিকনির্দেশনা ও রাজনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত এখন এই মন্ত্রিসভার কাজের মধ্য দিয়েই স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।






