সেপ্টেম্বরের শুরুতেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন ঘটতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর, বুধবার শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা শুক্রের নিজস্ব রাশি হওয়ায় এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যা অনুযায়ী, এর ফলে মালব্য রাজযোগের প্রভাব তৈরি হতে পারে।
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রির মতে, নতুন সপ্তাহেই রয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এ বছর অধিকাংশ জায়গায় ৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী পালিত হবে। তবে কিছু বৈষ্ণব ও ইসকন পরম্পরায় ৫ সেপ্টেম্বর এই উৎসব পালন করা হবে।
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী, শুক্রের তুলা রাশিতে প্রবেশের প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জাতকের জীবনে। বিশেষ করে অর্থ, কর্মজীবন, সম্পর্ক এবং জীবনযাপনের সুখ সুবিধার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে চারটি রাশির জাতকদের জন্য এই সময় তুলনামূলক ভাবে বেশি শুভ হতে পারে বলে জ্যোতিষ গণনায় উল্লেখ করা হচ্ছে।
কর্কট রাশি
শুক্রের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিতে পারে বলে জ্যোতিষ গণনায় মনে করা হচ্ছে। আয় বৃদ্ধির নতুন সুযোগ সামনে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক পরিকল্পনাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পেশাগত ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা দেখা দিতে পারে।
তুলা রাশি
তুলা রাশিতেই শুক্রের প্রবেশ হওয়ায় এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আত্মবিশ্বাস বাড়তে পারে এবং ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিতেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে বলে জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর অর্থ ও কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আসার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির নতুন রাস্তা খুলতে পারে। বিশেষ করে সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে বলে জ্যোতিষ গণনায় দাবি করা হচ্ছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্যও শুক্রের তুলা রাশিতে প্রবেশ শুভ ফল বয়ে আনতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। দূরের কোনও জায়গা থেকে কাজ বা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি জীবনযাত্রায় আরাম ও সুখ সুবিধা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
তবে মনে রাখা প্রয়োজন, রাশিফল ও গ্রহের গোচর নিয়ে এই ধরনের ফলাফল জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও গণনার উপর ভিত্তি করে দেওয়া হয়। এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে।







