রসায়ন নিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন এবং গবেষণার জগতে পা রাখতে চান? তাঁদের জন্য সুখবর। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়-এর স্কুল অফ কেমিস্ট্রি বিভাগে গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পে এই নিয়োগ করা হবে। মোট একটি শূন্যপদের জন্য প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত গবেষককে প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।
প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও প্রকল্পের প্রয়োজন এবং গবেষণার অগ্রগতির ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। ফলে দীর্ঘমেয়াদি গবেষণার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।
আবেদনকারীদের রসায়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়াও আবশ্যিক। তবে নির্দিষ্ট গবেষণা ক্ষেত্র এবং অন্যান্য যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি ও আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা সেখানে দেওয়া রয়েছে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জুন। তাই যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। গবেষণাক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুক তরুণদের কাছে এটি একটি উল্লেখযোগ্য সুযোগ হতে পারে।





