বিশ্বকাপের আগে বড় রদবদল! হরমনপ্রীতের দলে চমক নতুন ৩ মুখ?

On: Tuesday, March 24, 2026 2:02 PM
---Advertisement---

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল গঠন এবং বেঞ্চ শক্তিশালী করার লক্ষ্যে নতুন পরিকল্পনায় এগোচ্ছে ভারতীয় দল। সেই পরিকল্পনারই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। পাঁচ ম্যাচের এই সিরিজ়কে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন কোচিং স্টাফ।

অধিনায়ক হরমনপ্রীত কৌর-এর নেতৃত্বে দল নামছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন স্মৃতি মন্ধানা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দলে জায়গা ধরে রেখেছেন শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা এবং উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ।

অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। কিন্তু সেই জয়ের দল থেকেই একাধিক পরিবর্তন করা হয়েছে। হরলীন দেওল, স্নেহ রানা-সহ চার ক্রিকেটারকে এই সফরে রাখা হয়নি। পরিবর্তে সুযোগ পেয়েছেন উমা ছেত্রী, কাশবী গৌতম এবং অনুষ্কা শর্মা।

দলের এই রদবদলের পেছনে স্পষ্ট কৌশল রয়েছে। কোচ অমল মজুমদার বেঞ্চ শক্তিশালী করতে এবং বিকল্প তৈরি রাখতে ধারাবাহিকভাবে নতুন মুখকে সুযোগ দিচ্ছেন। অতীতে এক দিনের বিশ্বকাপের আগে একই পদ্ধতি অনুসরণ করে সাফল্য পেয়েছিল ভারত। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে আরও পরিণত করে তুলতে চাইছেন টিম ম্যানেজমেন্ট।

বিশেষ করে উইকেটকিপিং বিভাগে পরিবর্তন নজর কেড়েছে। বিকল্প হিসেবে সুযোগ পাওয়া সত্ত্বেও প্রত্যাশা পূরণ করতে পারেননি জি কমলিনী। ফলে তাঁর জায়গায় উমা ছেত্রীকে নেওয়া হয়েছে। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেট ও মহিলা আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের জোরে উঠে এসেছেন কাশবী গৌতম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অনুষ্কা শর্মাকেও এই সিরিজ়ে পর্যবেক্ষণে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে ১৭ এপ্রিল ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে ১৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজ় গড়াবে জোহানেসবার্গে, যেখানে ২২ ও ২৫ এপ্রিল তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচ ২৭ এপ্রিল বেনোনিতে। ভারতীয় সময় অনুযায়ী প্রথম, তৃতীয় ও পঞ্চম ম্যাচ শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে, আর দ্বিতীয় ও চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের আগে এই সিরিজ শুধু ফলাফলের নিরিখে নয়, দল নির্বাচনের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কোন কম্বিনেশন সবচেয়ে কার্যকরী হতে পারে, তা বুঝে নেওয়ার এটাই শেষ বড় মঞ্চ ভারতের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now