বিদ্যুতের খরচ কমাতে এবং লোডশেডিংয়ের সমস্যার মোকাবিলায় অনেকেই এখন সোলার সিস্টেমের দিকে ঝুঁকছেন। বিশেষ করে হাইব্রিড ও অফ-গ্রিড সোলার ব্যবস্থা বাড়ি বা ছোট ব্যবসার জন্য জনপ্রিয় হয়ে উঠছে। তবে সোলার প্যানেল কেনার সময় অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন না— ব্যাটারির আয়ু।
সাধারণভাবে একটি সোলার প্যানেল ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। কিন্তু সেই সিস্টেমে ব্যবহৃত ব্যাটারি এত দীর্ঘ সময় টিকে না। ব্যাটারির ধরন এবং ব্যবহারের উপর নির্ভর করে তার আয়ু কয়েক বছর থেকে এক দশকেরও বেশি হতে পারে।
বর্তমানে সোলার সিস্টেমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন এবং লেড-অ্যাসিড ব্যাটারি। এর মধ্যে লিথিয়াম-আয়ন ব্যাটারি তুলনামূলকভাবে বেশি টেকসই। সঠিক ব্যবহার করলে এই ধরনের ব্যাটারি ১০ থেকে ১৫ বছর পর্যন্ত পরিষেবা দিতে পারে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম।
অন্য দিকে, লেড-অ্যাসিড ব্যাটারির দাম তুলনামূলক কম হলেও আয়ু অনেক কম। সাধারণত ৩ থেকে ৪ বছর পর্যন্ত কার্যকর থাকে এই ব্যাটারি। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এর কর্মক্ষমতা আরও দ্রুত কমে যেতে পারে।
এ ছাড়া বাজারে সোলার জেল ব্যাটারিরও চাহিদা রয়েছে। এই ধরনের ব্যাটারি সাধারণত ৬ থেকে ৮ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও মাঝামাঝি অবস্থানে থাকে।
বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যাটারির ধরন নয়, আরও বেশ কয়েকটি বিষয় তার আয়ু নির্ধারণ করে। কত বার চার্জ ও ডিসচার্জ হচ্ছে, কত শতাংশ পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, পরিবেশের তাপমাত্রা, চার্জিংয়ের গতি এবং রক্ষণাবেক্ষণের মান— সব কিছুরই প্রভাব পড়ে ব্যাটারির স্থায়িত্বের উপর।
ভালো মানের ব্যাটারি ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে দীর্ঘ সময় নির্ভরযোগ্য পরিষেবা পাওয়া সম্ভব। বিপরীতে নিম্নমানের ব্যাটারি বা অবহেলার কারণে অল্প সময়ের মধ্যেই কর্মক্ষমতা কমে যেতে পারে।
কিছু লক্ষণ দেখলেই বুঝতে হবে ব্যাটারি বদলানোর সময় এসে গিয়েছে। যদি আগের তুলনায় অনেক দ্রুত চার্জ শেষ হয়ে যায়, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন। একই ভাবে ব্যাটারি চার্জ হতে অস্বাভাবিক বেশি সময় লাগা, ব্যাটারি থেকে অদ্ভুত শব্দ শোনা যাওয়া বা গায়ে ফোলা ভাব দেখা দেওয়াও সমস্যার ইঙ্গিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাটারি থেকে তরল বের হতে শুরু করলে বা লিকেজের লক্ষণ দেখা দিলে আর ঝুঁকি না নিয়ে দ্রুত সেটি পরিবর্তন করা উচিত। কারণ এমন অবস্থায় শুধু যন্ত্রের ক্ষতিই নয়, নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হতে পারে।
সোলার সিস্টেমে বিনিয়োগের আগে তাই শুধু প্যানেলের ক্ষমতা নয়, ব্যাটারির ধরন, আয়ু এবং রক্ষণাবেক্ষণের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।






