ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন? গবেষণা ও প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ খুঁজছেন? তা হলে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। মোট শূন্যপদ একটি। প্রথমে এক বছরের জন্য কাজের সুযোগ মিলবে। তবে কাজের প্রয়োজন এবং পারফরম্যান্সের ভিত্তিতে আরও দু’বছর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে।
নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি এমই বা এমটেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আরও কিছু যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রার্থীকে আইআইইএসটি শিবপুরের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা মেনে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১১ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







