মাসে ৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি! কারা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা, জানুন আবেদন পদ্ধতি

On: Friday, May 22, 2026 10:59 PM
---Advertisement---

অর্থের অভাবে যাতে পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যেই বহু বছর ধরে পশ্চিমবঙ্গে চালু রয়েছে Swami Vivekananda Merit Cum Means Scholarship। রাজ্যের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতেই এই প্রকল্পের সূচনা হয়েছিল। সরকার বদলালেও সেই প্রকল্প বহাল রয়েছে। বরং নতুন সরকার এই বৃত্তি প্রকল্প চালু রাখার ইঙ্গিত দেওয়ায় আশাবাদী বহু পড়ুয়া ও অভিভাবক।

এই স্কলারশিপের আওতায় উচ্চ মাধ্যমিক থেকে গবেষণার স্তর পর্যন্ত বিভিন্ন কোর্সের পড়ুয়ারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্যান্য প্রত্যক্ষ সুবিধা প্রকল্পের মতো এই বৃত্তির টাকাও সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

কারা আবেদন করতে পারবেন?

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর বা গবেষণারত পড়ুয়ারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বিভিন্ন পেশাদারি কোর্সের শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসবেন।

তবে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যে শিক্ষাস্তরের জন্য আবেদন করা হবে, তার আগের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।

কত টাকা মিলবে?

কোন বিভাগে পড়াশোনা করছেন, তার উপর নির্ভর করবে বৃত্তির পরিমাণ। মাসিক ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে।

উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পড়ুয়ারা মাসে ১ হাজার টাকা করে পাবেন। পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য মাসিক সহায়তা ১৫০০ টাকা।

বিজ্ঞান বিভাগের স্নাতক বা পেশাদারি কোর্সের পড়ুয়ারা বছরে ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। কলা ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বার্ষিক সহায়তা ১২ হাজার টাকা।

স্নাতকোত্তর স্তরে কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা মাসে ২০০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ২৫০০ টাকা করে পাবেন। এছাড়াও মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড, ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি স্তরের পড়ুয়ারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। মেডিক্যালের কিছু ক্ষেত্রে মাসিক ৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি মিলতে পারে।

আবেদনের জন্য কী কী লাগবে?

আবেদনকারীর মাধ্যমিক এবং সাম্প্রতিক পরীক্ষার মার্কশিট, ভর্তির রসিদ, আয়ের শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র, আধার বা ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি জমা দিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহীদের (https://svmcm.wb.gov.in)-এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ-ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও নথি আপলোড করতে হবে। আবেদন করতে কোনও ফি লাগে না। বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটেই দেওয়া রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now