স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ে একাধিক পদে নিয়োগের সুযোগ। ব্যাঙ্কের স্পেশ্যালিস্ট ক্যাডার পদে মোট ৫৪৭টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক। যোগ্য প্রার্থীদের এসবিআইয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে একাধিক পদ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জ়োনাল হেড, রিজিয়োনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট, ইনভেস্টমেন্ট অফিসার, ভিপি ওয়েল্থ এবং এভিপি ওয়েল্থ। পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার শর্ত আলাদা।
জ়োনাল হেড পদে একটি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
রিজিয়োনাল হেড পদে নিয়োগ হবে পাঁচ জনের। এই পদের ক্ষেত্রেও বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর। ন্যূনতম স্নাতক যোগ্যতার পাশাপাশি ওয়েল্থ ম্যানেজমেন্ট অথবা রিলেশনশিপ ম্যানেজমেন্টে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
রিলেশনশিপ ম্যানেজার বা টিম লিড পদে ২৪টি শূন্যপদ রয়েছে। বয়স হতে হবে ২৮ থেকে ৪২ বছরের মধ্যে। যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট পদে চার জনকে নেওয়া হবে। বয়সসীমা ২৮ থেকে ৪২ বছর। ফিনান্স, কমার্স, ইকোনমিক্স বা ব্যাঙ্কিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। এছাড়া CA বা CFA যোগ্যতাধারীরাও এই পদের জন্য যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছ’বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
ইনভেস্টমেন্ট অফিসার পদে সবচেয়ে বেশি ৯১টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ফিনান্স, ইকোনমিক্স বা বিজ়নেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। CA বা CFA প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
ভিপি ওয়েল্থ পদে ১৩টি এবং এভিপি ওয়েল্থ পদে ৭৩টি শূন্যপদ রয়েছে। ভিপি ওয়েল্থের জন্য বয়সসীমা ২৬ থেকে ৪২ বছর এবং যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা প্রয়োজন। সেলস ও মার্কেটিং অথবা রিলেশনশিপ ম্যানেজমেন্টে ছ’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, এভিপি ওয়েল্থ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে। তবে ওয়েল্থ ম্যানেজমেন্ট অথবা ব্যাঙ্কিং সেলসে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
কত বেতন মিলবে?
চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। পদ এবং যোগ্যতা অনুযায়ী বার্ষিক সিটিসি ২৭.১০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ফলে অভিজ্ঞ পেশাদারদের জন্য এই নিয়োগে যথেষ্ট আকর্ষণীয় পারিশ্রমিকের সুযোগ রয়েছে।
আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে এসবিআইয়ের সরকারি ওয়েবসাইটের Careers বা Current Openings বিভাগে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিও নির্দিষ্ট নিয়ম মেনে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।
পদভেদে যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, পারিশ্রমিক এবং নিয়োগের অন্যান্য শর্তের মধ্যে পার্থক্য রয়েছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে সমস্ত যোগ্যতার শর্ত মিলিয়ে নেওয়া জরুরি।







