গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুখবর। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের অধীনে এই নিয়োগ হবে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ তিন বছর। প্রয়োজন হলে আরও এক বছরের জন্য সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞান সংক্রান্ত যে কোনও বিষয়ে এমএসসি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE)-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন করতে হলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে উল্লেখিত নিয়ম মেনে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ অগস্ট। এরপর বাছাই হওয়া প্রার্থীদের ৭ অগস্ট সকাল ১১টা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়াই শ্রেয়।







