সপ্তাহান্তে ট্রেনে যাত্রার পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। একাধিক মেরামতি ও নির্মাণকাজের জেরে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তনের ঘোষণা করেছে Eastern Railway।
রেল সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল-কাটোয়া শাখায় খামারগাছি থেকে জিরাট এবং জিরাট থেকে গুপ্তিপাড়া স্টেশনের মাঝামাঝি লেভেল ক্রসিং এলাকায় সাবওয়ে নির্মাণের কাজ হবে। সেই কারণে ২ মে প্রায় ছ’ঘণ্টার জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। এর প্রভাব পড়বে একাধিক লোকাল ট্রেন চলাচলে। কাটোয়া-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল, হাওড়া-কাটোয়া, শিয়ালদহ-কাটোয়া-সহ বিভিন্ন রুটে পরিষেবা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এদিকে, কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়ও বদলানো হয়েছে। হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়বে। একইভাবে মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটির সময়ও পরিবর্তন করা হয়েছে।
রিষড়া স্টেশন সংলগ্ন এলাকায় আরও একটি সাবওয়ে নির্মাণের জন্য শনিবার এবং সোমবার হাওড়া-ব্যান্ডেল শাখায় সাময়িক ব্লক থাকবে। এই সময় হাওড়া-তারকেশ্বর, হাওড়া-বর্ধমান, গোঘাট-হাওড়া-সহ একাধিক শাখায় ট্রেন বাতিলের তালিকা দীর্ঘ হয়েছে। কিছু মেমু পরিষেবাও বন্ধ থাকবে।
পথ পরিবর্তনের সিদ্ধান্তও নিয়েছে রেল। হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া-মোকামা এক্সপ্রেস নির্দিষ্ট দিনে ডানকুনি হয়ে বর্ধমান রুটে চালানো হবে। একই রুটে ঘোরানো হবে হাওড়া-নয়াদিল্লি স্পেশ্যাল এবং কিছু লোকাল পরিষেবাও। অন্যদিকে, হাওড়া-কাটিহার এক্সপ্রেস এবং কাটিহার-হাওড়া এক্সপ্রেসের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।
শুধু হাওড়া নয়, শিয়ালদহ ডিভিশনেও প্রভাব পড়ছে। দমদমের নর্থ ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-হাবড়া রুটে কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনকে আংশিক রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মে দিবস উপলক্ষে মেট্রো পরিষেবাতেও কিছুটা কাটছাঁট করা হয়েছে। Kolkata Metro-র ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে নির্দিষ্ট সংখ্যক পরিষেবা চালানো হবে, যা সাধারণ দিনের তুলনায় কম।
সব মিলিয়ে, রেলের এই একাধিক পরিবর্তনের জেরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকছে। তাই ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।





