স্মার্টফোনের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বিক্রিতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে খরচ কমাতে বড় কৌশল নিতে পারে Oppo। সংস্থার দুই জনপ্রিয় সাব-ব্র্যান্ড OnePlus এবং Realme-র আলাদা ইউজার ইন্টারফেস (UI) ভবিষ্যতে তুলে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
বর্তমানে OnePlus-এ OxygenOS এবং Realme-তে Realme UI ব্যবহার করা হয়। যদিও দুটি ব্র্যান্ডই Oppo-র অধীনস্থ, তবু এতদিন পর্যন্ত সফটওয়্যারের ক্ষেত্রে তারা আলাদা পরিচয় বজায় রেখেছে। তবে বাজার পরিস্থিতির পরিবর্তনের জেরে সেই অবস্থায় বদল আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সাম্প্রতিক সময়ে স্মার্টফোন নির্মাতাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সফটওয়্যার উন্নয়ন এবং নিয়মিত আপডেটের খরচ। একটি অপারেটিং সিস্টেমকে দীর্ঘদিন আপডেট দিয়ে সচল রাখতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রেই এই ব্যয় হার্ডওয়্যার উন্নয়নের খরচকেও ছাড়িয়ে যায়।
এই কারণেই তিনটি ব্র্যান্ডের জন্য আলাদা সফটওয়্যার টিম রাখার পরিবর্তে একটিই সাধারণ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিকল্পনা করছে Oppo বলে খবর। এতে সফটওয়্যার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের খরচ কমবে। পাশাপাশি একই সফটওয়্যার টিম দিয়ে একাধিক ব্র্যান্ড পরিচালনা করাও সহজ হবে।
বিশ্লেষকদের একাংশের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতের OnePlus এবং Realme স্মার্টফোনে Oppo-র ColorOS-ভিত্তিক অভিন্ন ইউজার ইন্টারফেস দেখা যেতে পারে। সেক্ষেত্রে OxygenOS এবং Realme UI ধীরে ধীরে অতীত হয়ে যেতে পারে।
তবে এই বিষয়ে এখনও Oppo-র তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কবে এই পরিবর্তন কার্যকর হবে বা বর্তমানে বাজারে থাকা ডিভাইসগুলিও এর আওতায় আসবে কি না, সে বিষয়েও সংস্থা কিছু জানায়নি।
যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে সফটওয়্যার অভিজ্ঞতায় বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারেন OnePlus এবং Realme ব্যবহারকারীরা। তবে নতুন এই পদক্ষেপ গ্রাহকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটাই এখন দেখার।







