ওয়ানপ্লাস কি বাজার ছাড়ছে? ফোন ব্যবহারকারীদের জন্য বড় আপডেট, ভারতে কী বদলাবে জানুন

On: Tuesday, July 28, 2026 4:03 PM
---Advertisement---

স্মার্টফোন বাজারে দীর্ঘদিন ধরেই মন্দার প্রভাব দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিয়েছে চিনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস। সংস্থার তরফে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে ওই সব অঞ্চলে আর নতুন ফোন বিক্রি থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী পরিষেবা— কোনওটাই দেবে না সংস্থা।

এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারতে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের ভবিষ্যৎ কী? ফোনে সমস্যা হলে কোথায় মিলবে পরিষেবা?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য প্রযোজ্য। ভারতে এবং চিনে ব্যবসা চালিয়ে যাবে ওয়ানপ্লাস। এই দুই দেশে নতুন স্মার্টফোন আনার পরিকল্পনাও রয়েছে সংস্থার। তাই ভারতীয় গ্রাহকদের এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ভবিষ্যতে ভারতে ওয়ানপ্লাসের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের সংখ্যা কমতে পারে। পরিবর্তে তুলনামূলক কম দামের স্মার্টফোনের দিকে বেশি গুরুত্ব দিতে পারে সংস্থা। বিশেষ করে এন সিরিজ এবং নর্ড সিরিজের নতুন মডেল বাজারে আনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। একই সঙ্গে নতুন ডিভাইসের বদলে পুরনো বা বিদ্যমান মডেলের বিক্রিতেও জোর দিতে পারে ওয়ানপ্লাস।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের ফোনে কোনও সমস্যা হলে ওপোর সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি। র‌্যাম, স্টোরেজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়ায় স্মার্টফোনের উৎপাদন খরচও বেড়েছে। এর জেরে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোনের আমদানি-রফতানির পরিমাণ প্রায় ১১ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে।

এই কঠিন বাজার পরিস্থিতিতেও তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন। বিশ্ব স্মার্টফোন বাজারের প্রায় ২০ শতাংশ দখলে রয়েছে সংস্থার। যদিও যন্ত্রাংশের বাড়তি খরচের প্রভাব পড়েছে তাদের উপরেও। সেই কারণেই আইফোনের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথাও ইতিমধ্যে জানিয়েছে অ্যাপল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now