পঁচিশে বৈশাখ ব্রিগেডে শপথগ্রহণ, বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনে আসবেন প্রধানমন্ত্রী মোদী? 

On: Thursday, May 7, 2026 9:55 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকতে শনিবার কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত হতে চলেছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন অমিত শাহ (Amit Shah)-ও।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা দেবেন মোদী। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর হেলিকপ্টারে তিনি যাবেন শহরের কেন্দ্রস্থলে। সেখান থেকে সড়কপথে ব্রিগেডে পৌঁছনোর কথা তাঁর। শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা বেলা সাড়ে ১১টা নাগাদ এবং তা চলবে প্রায় এক ঘণ্টা।

রাজ্যে নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন প্রধানমন্ত্রী। গত মাসে ভাটপাড়ার সভা থেকে তিনি বলেছিলেন, “বাংলায় যেখানে যেখানে গিয়েছি, মানুষের যা মেজাজ দেখেছি, এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে, ৪ মে-র পরে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আসতেই হবে।” সেই রাজনৈতিক বার্তারই বাস্তব রূপ দেখা যাবে শনিবারের অনুষ্ঠানে।

এর আগেই শুক্রবার কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে এই দায়িত্ব দিয়েছে পর্যবেক্ষক হিসেবে। সহকারী পর্যবেক্ষক থাকবেন মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)।

দলীয় রীতি অনুযায়ী, নির্বাচিত বিধায়কদের বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম চূড়ান্ত হয়। এ ক্ষেত্রেও সেই বৈঠকেই স্থির হবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। তারপর শনিবার আনুষ্ঠানিক ভাবে শপথ নেবে নতুন সরকার।

দীর্ঘ রাজনৈতিক পালাবদলের জল্পনার পর অবশেষে বাংলায় বিজেপি সরকার গঠনের পথে। ফলে ব্রিগেডের এই অনুষ্ঠানকে ঘিরে শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তুঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now