‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ লিখতে হবে না, সচিবদের স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর 

On: Monday, May 11, 2026 6:07 PM
---Advertisement---

ক্ষমতায় আসার পর প্রশাসনের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠকেই আমলাদের উদ্দেশে আলাদা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন সূত্রে খবর, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে খুশি করার জন্য কাজ করার প্রয়োজন নেই। সরকারি প্রকল্পের হোর্ডিং বা ফলকে আর “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা” লেখারও দরকার নেই বলেই সচিবদের জানিয়েছেন তিনি।

সোমবার নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু। উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সূত্রের খবর, সেখানেই প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ভয় না পেয়ে নিয়ম মেনে কাজ করতে। তাঁর আশ্বাস, “কোনও সমস্যা হবে না।”

নবান্ন সূত্রে দাবি, বৈঠকে সরকারি খরচ নিয়েও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু। প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করতে হবে ঠিকই, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় রোখার উপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে এতদিন রাজ্যে কার্যকর না হওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত চালুর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রকল্পে “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা” শব্দবন্ধ ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক ছিল। নতুন সরকার সেই সংস্কৃতি থেকে দূরত্ব তৈরি করতে চাইছে বলেই প্রশাসনিক মহলের একাংশের মত। সূত্রের খবর, শুভেন্দু বৈঠকে এ-ও জানিয়েছেন যে, তাঁর সরকার কোনও রাজনৈতিক দলের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করবে না।

সরকার ও দলের সম্পর্ক নিয়েও নতুন অবস্থান স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনও বিজেপি সরকার নয়। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।” একই সঙ্গে আয়ুষ্মান ভারত, মহিলা ভাতা ও বেকার ভাতার মতো নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে দল সরকারের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে সংবিধান ও প্রশাসনিক নিয়ম মেনেই সরকার চালানোর বার্তাও দিয়েছেন। তাঁর কথায়, “সরকার তথ্য, নিয়মের উপরে চলে। সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলি বিষয়ের উপরে। এই সরকার ‘আমিত্বে’ বিশ্বাস করে না, ‘আমরা’-নীতিতে চলবে।” পাশাপাশি তিনি এ-ও বলেন, এমনভাবে প্রশাসন চলবে যাতে সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরোধীরাও প্রশ্ন তোলার সুযোগ না পান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now