পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে শুক্রবার কলকাতায় পৌঁছলেন অমিত শাহ (Amit Shah)। সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), (Sukanta Majumdar) এবং (Nisith Pramanik)-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিমান থেকে নেমেই শুভেন্দুর পিঠ চাপড়ে দেন শাহ। সেই দৃশ্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।
অমিত শাহের কলকাতা সফরের ঠিক আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকের খবর সামনে এসেছে। বিজেপি সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূলত আলোচনা হয়েছে ওই বৈঠকে। শুক্রবার বিধায়ক দলের বৈঠকের আগেই দু’জনের এই আলোচনা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলের অন্দরে একাধিক নাম ঘুরলেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধু সাংগঠনিক সমীকরণ নয়, রাজ্যের সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
শুধু মুখ্যমন্ত্রী নয়, সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা নিয়েও দিল্লির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং কলকাতা-সহ শহরাঞ্চল—সব এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি জাতিগত ও রাজনৈতিক সমীকরণও গুরুত্ব পাচ্ছে সম্ভাব্য মন্ত্রী নির্বাচনে।
শনিবার, পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনই নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী মোদীরও। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)-সহ একাধিক কেন্দ্রীয় নেতাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
এ ছাড়াও বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)-ও কলকাতায় আসছেন। সব মিলিয়ে ব্রিগেডের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে জাতীয় স্তরের রাজনৈতিক আবহ।
এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ব্রিগেড চত্বর ও শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের আগে এখন শুধু একটাই অপেক্ষা—কে হচ্ছেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী?








