বাড়ি থেকে দূরে থাকলেও মিলবে রেশন! এই সরকারি অ্যাপ থাকলে দেশের যে কোনও প্রান্তে তুলতে পারবেন খাদ্যসামগ্রী

On: Monday, July 20, 2026 11:59 PM
---Advertisement---

কাজের সূত্রে অন্য রাজ্য বা অন্য জেলায় থাকেন? সেই কারণে কি নিয়মিত রেশন তুলতে পারেন না? অনেকেরই এমন সমস্যা হয়। দীর্ঘদিন রেশন না তোলায় কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তবে এই সমস্যার সমাধানে কেন্দ্র সরকারের একটি বিশেষ ডিজিটাল পরিষেবা রয়েছে, যার সাহায্যে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা সম্ভব।

এই সুবিধা পাওয়া যায় কেন্দ্র সরকারের ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ (ONORC) প্রকল্পের আওতায় চালু হওয়া ‘মেরা রেশন ২.০’ অ্যাপের মাধ্যমে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং কর্মসূত্রে বাড়ির বাইরে থাকা রেশন কার্ডধারীদের কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।

কী কী সুবিধা মিলবে?
এই অ্যাপের মাধ্যমে শুধু অন্য রাজ্য বা শহর থেকে রেশন তোলাই নয়, রেশন কার্ড-সংক্রান্ত একাধিক পরিষেবাও ঘরে বসেই ব্যবহার করা যায়। ব্যবহারকারীরা প্রতি মাসে কতটা রেশন পাওয়ার অধিকারী, গত কয়েক মাসে কত রেশন নিয়েছেন, সেই তথ্যও দেখতে পারবেন।

এ ছাড়াও মোবাইল নম্বর আপডেট, e-KYC সম্পূর্ণ করা, পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করার মতো পরিষেবাও রয়েছে। GPS-এর সাহায্যে কাছাকাছি রেশন দোকান খুঁজে পাওয়া যায়। রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে সেটিও সরাসরি অ্যাপ থেকেই জানানো সম্ভব।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
প্রথমে Google Play Store থেকে ‘Mera Ration 2.0’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ খুলে পছন্দের ভাষা নির্বাচন করার পর Beneficiary অপশনে যেতে হবে।

এরপর ১২ সংখ্যার আধার নম্বর অথবা রেশন কার্ড নম্বর দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করতে হবে। সবশেষে ভবিষ্যতে লগ-ইন করার জন্য একটি ৮ সংখ্যার PIN সেট করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

কেন্দ্র সরকারের এই উদ্যোগের ফলে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকা লক্ষ লক্ষ রেশন কার্ডধারী দেশের যে কোনও প্রান্ত থেকে খাদ্যসামগ্রী পাওয়ার সুবিধা পাবেন। পাশাপাশি রেশন কার্ড-সংক্রান্ত অধিকাংশ পরিষেবাও এখন হাতের মুঠোয় চলে এসেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now