ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল Reliance Jio। স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্থা চালু করেছে ‘Jio Freedom Pack 2026’। এটি কোনও মোবাইল রিচার্জ প্ল্যান নয়, বরং JioFiber এবং JioAirFiber ব্যবহারকারীদের জন্য বিশেষ ব্রডব্যান্ড প্ল্যান। ইতিমধ্যেই Jio-র অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে এই প্ল্যান উপলব্ধ হয়েছে।
নতুন Freedom Pack-এর দাম রাখা হয়েছে ১০,০০০ টাকা। এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ১৫ মাসের ভ্যালিডিটি। বর্তমানে Jio-র ব্রডব্যান্ড পরিষেবায় এত দীর্ঘ মেয়াদের অন্য কোনও প্ল্যান নেই।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই প্ল্যানে ১০০ Mbps ডাউনলোড এবং আপলোড স্পিড দেওয়া হবে। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকবে। শুধু তাই নয়, JioTV অ্যাপের মাধ্যমে ১,০০০টিরও বেশি টিভি চ্যানেল দেখার সুযোগও মিলবে।
বিনোদনপ্রেমীদের জন্যও রয়েছে বাড়তি চমক। Freedom Pack-এর সঙ্গে ১২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে Jio। তালিকায় রয়েছে JioHotstar, SonyLIV, ZEE5, Hoichoi, SunNXT, Discovery+, Lionsgate Play, Eros Now, ShemarooMe, TimesPlay, TarangPlus এবং ETV Win-সহ একাধিক জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা।
সংস্থার দাবি, দীর্ঘমেয়াদে এই প্ল্যানটি তুলনামূলকভাবে অনেক বেশি সাশ্রয়ী। বর্তমানে Jio-র ১০০ Mbps গতির ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৩,৩৩৩ টাকা এবং ৪,৪৪৪ টাকা। সেই হিসেবে ১৫ মাস পরিষেবা পেতে একাধিকবার রিচার্জ করলে খরচ অনেকটাই বেড়ে যায়। সেখানে একবার ১০,০০০ টাকা খরচ করেই টানা ১৫ মাস পরিষেবা পাওয়া যাবে।
দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ইন্টারনেট, ফ্রি ভয়েস কলিং এবং একাধিক OTT সাবস্ক্রিপশনের সুবিধা মিলিয়ে নতুন Freedom Pack-এর মাধ্যমে ব্রডব্যান্ড বাজারে আরও বেশি গ্রাহক টানার চেষ্টা করছে Reliance Jio।






