ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন বা ইসরোয় কাজ শেখার সুযোগ। ইসরোর অধীনস্থ আর রাও স্যাটেলাইট সেন্টার বা ইউআরএসসি বেঙ্গালুরুতে বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
মোট ৪১০টি শূন্যপদ
ইউআরএসসিতে মোট ৪১০টি শিক্ষানবিশের পদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২২০টি, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ১২০টি এবং কমার্শিয়াল প্র্যাকটিস অ্যাপ্রেন্টিস পদে ৭০টি শূন্যপদ রয়েছে।
কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল, অটোমোবাইল-সহ একাধিক ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীরা এই শিক্ষানবিশের সুযোগ পাবেন। পদ এবং যোগ্যতা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১০,৯০০ টাকা থেকে ১২,৩০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন
ইসরোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন প্রার্থীরা এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২১ সাল বা তার আগে ডিগ্রি কিংবা ডিপ্লোমা অর্জন করা প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ট্রেড বা বিষয়ের বিস্তারিত শর্ত পদ অনুযায়ী আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতার শর্ত দেখে নেওয়া জরুরি।
কী ভাবে আবেদন করবেন
আবেদন করার জন্য প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম বা NATS এর সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের পর এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে।
এর পরে উমং পোর্টালে গিয়ে ইউআরএসসি অ্যাপ্রেন্টিস অপশনটি বেছে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় ডিগ্রি অথবা ডিপ্লোমার মার্কশিট এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ২৮ অগস্ট। তাই যোগ্য প্রার্থীদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মেধার ভিত্তিতে বাছাই
এই নিয়োগে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের পরিবর্তে প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক মেধাতালিকায় জায়গা পাওয়া প্রার্থীদের পরবর্তী পর্যায়ে নথি যাচাইয়ের জন্য ডাকা হবে।
নিয়োগ সংক্রান্ত আরও তথ্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি ইসরোর কেরিয়ার সংক্রান্ত সরকারি ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।







