ভারতীয় সেনাবাহিনীতে আইন বিভাগে অফিসার হিসেবে কাজ করার সুযোগ এল আইন নিয়ে পড়াশোনা করা তরুণ-তরুণীদের জন্য। শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) এন্ট্রি স্কিমের ১২৫তম কোর্সে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। অবিবাহিত পুরুষ ও মহিলা—উভয়েই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
জেএজি শাখার অফিসাররা সেনাবাহিনীর বিভিন্ন আইনি বিষয় দেখভাল করেন। সামরিক কর্তৃপক্ষকে আইনি পরামর্শ দেওয়া, কোর্ট-মার্শালের মামলা পরিচালনা, সামরিক আইন ও প্রশাসনিক সংক্রান্ত বিষয় তদারকি এবং চাকরির নিয়ম ও শৃঙ্খলা সংক্রান্ত আইনি সহায়তা দেওয়াই তাঁদের প্রধান দায়িত্ব।
আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এলএলবি পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীকে ক্ল্যাট পিজি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ২১ থেকে ২৭ বছরের মধ্যে।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে ক্ল্যাট পিজি ২০২৬-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি হবে। নির্বাচিত প্রার্থীদের সার্ভিসেস সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সাক্ষাৎকারে ডাকা হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
আগ্রহীরা ভারতীয় সেনাবাহিনীর Join Indian Army পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগস্ট, ২০২৬। সেনাবাহিনীর আইন শাখায় অফিসার হিসেবে যোগ দিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।







