উচ্চশিক্ষার পর গবেষণার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল Indian Institute of Technology Kharagpur। পদার্থবিদ্যার একটি বিশেষ প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এই প্রকল্পটি অর্থপুষ্ট করছে Anusandhan National Research Foundation। নির্বাচিত প্রার্থীকে আইআইটি খড়্গপুরের পদার্থবিদ্যা বিভাগে গবেষণার কাজে যুক্ত হতে হবে। মূলত কনডেন্সড ম্যাটার ফিজিক্স নিয়ে কাজের সুযোগ মিলবে, বিশেষ করে ফেরোইলেকট্রিক ফিল্মস সংক্রান্ত গবেষণায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছরের মধ্যে। গবেষণার অভিজ্ঞতা থাকলে তা নির্বাচনের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
এই পদে নির্বাচিত হলে মাসিক ৫৮ হাজার টাকা সম্মানিক দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ তিন বছর, চুক্তিভিত্তিক নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
আগ্রহীদের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল। প্রার্থীদের বাছাই প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ।
গবেষণার ক্ষেত্রে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য এই সুযোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।







