বিজ্ঞান গবেষণার জগতে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস) একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেসের অধীনে এই নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, শূন্যপদ রয়েছে একটি। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। ফলে গবেষণাক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উন্নত বৈজ্ঞানিক পরিকাঠামোর মধ্যে কাজ করার সুযোগও মিলবে।
আবেদনের জন্য প্রার্থীদের ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্স বা ইলেকট্রনিক্স— এই তিন বিষয়ের মধ্যে অন্তত একটিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, গবেষণার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দক্ষতাও প্রয়োজন। বিশেষত রমন স্পেকট্রোস্কপি, আল্ট্রাফাস্ট স্পেকট্রোস্কপি, ননলিনিয়ার অপটিক্স এবং কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স বিষয়ে অভিজ্ঞতা বা জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
নির্বাচিত গবেষককে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী ফেলোশিপ দেওয়া হবে। তবে ফেলোশিপের নির্দিষ্ট পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য এই নিয়োগ হবে।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাক্ষাৎকার নেওয়া হতে পারে। আবেদনপত্র জমা দিতে হবে ই-মেলের মাধ্যমে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৮ জুন। শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ই-মেলের মাধ্যমেই সাক্ষাৎকারের দিনক্ষণ এবং অন্যান্য তথ্য জানিয়ে দেওয়া হবে।
যাঁরা গবেষণার ক্ষেত্রে নিজেদের কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাঁদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট মহল।







