১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানির দাম, কলকাতায় কত টাকায় মিলছে পেট্রল-ডিজ়েল?

On: Saturday, May 23, 2026 9:10 AM
---Advertisement---

পেট্রল ও ডিজ়েলের দাম ফের বাড়ল দেশে। শনিবার সকাল থেকেই নতুন দরে জ্বালানি বিক্রি শুরু হয়েছে। টানা ১০ দিনের মধ্যে তৃতীয় বার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়িচালক থেকে শুরু করে নিত্যযাত্রী— সকলেরই খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতায় এ দিন পেট্রলের দাম লিটার প্রতি ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৪ পয়সায়। ডিজ়েলের দামও বেড়েছে ৯৫ পয়সা। ফলে শহরে এক লিটার ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। জ্বালানির এই নতুন দামের প্রভাব যে খুব শিগগিরই পরিবহণ খরচে পড়বে, তা নিয়ে সংশয় নেই। বাস, ট্যাক্সি, পণ্যবাহী গাড়ি— সব ক্ষেত্রেই বাড়তে পারে চাপ।

রাজধানী দিল্লিতেও জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে। সেখানে পেট্রলের দাম বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম ৯১ পয়সা প্রতি লিটারে। নতুন দরে দিল্লিতে পেট্রল বিক্রি হচ্ছে ৯৯ টাকা ৫১ পয়সায় এবং ডিজ়েল ৯২ টাকা ৪৯ পয়সায়।

গত ১৫ মে এক ধাক্কায় পেট্রলের দাম তিন টাকা বেড়েছিল। তারপর ১৯ মে আবার প্রায় ৯০ পয়সা দাম বাড়ানো হয়। শনিবারের নতুন বৃদ্ধির পর গত ১০ দিনে পেট্রলের দাম মোটামুটি পাঁচ টাকার কাছাকাছি বেড়ে গেল। ডিজ়েলের ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে।

এই মূল্যবৃদ্ধির নেপথ্যে আন্তর্জাতিক পরিস্থিতিকেই মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে চাপ তৈরি হয়েছে। ভারত যেহেতু বিপুল পরিমাণ জ্বালানি বিদেশ থেকে আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারের ওঠাপড়ার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।

এই আবহে সম্প্রতি দেশবাসীর উদ্দেশে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ কমাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদনও জানান তিনি। পাশাপাশি আগামী এক বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে দিল্লি ও সংলগ্ন এলাকায় সিএনজি-র দামও আবার বেড়েছে। প্রতি কেজিতে এক টাকা বৃদ্ধি হওয়ায় শনিবার থেকে দিল্লিতে সিএনজি বিক্রি হচ্ছে ৮১ টাকা ৯ পয়সায়। নয়ডা ও গাজ়িয়াবাদে দাম পৌঁছেছে ৮৯ টাকা ৭০ পয়সায়। অটোচালকদের বড় অংশ সিএনজি নির্ভর হওয়ায়, ভাড়া বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। তবে কলকাতায় আপাতত সিএনজি-র দামে কোনও পরিবর্তনের খবর নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now