১ জুলাই থেকে বড় ধাক্কা রেলযাত্রীদের, কলকাতা-শহরতলির ৮ স্টেশনে বন্ধ হচ্ছে দূরপাল্লার টিকিট কাউন্টার

On: Sunday, June 28, 2026 11:16 PM
---Advertisement---

কলকাতা ও শহরতলির বহু রেলযাত্রীর জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে পূর্ব রেল। আগামী ১ জুলাই থেকে আটটি স্টেশনের রিজার্ভেশন কাউন্টার (পিআরএস) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই স্টেশনগুলি থেকে আর দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত টিকিট কাটা যাবে না। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাবে। রেলের দাবি, সংশ্লিষ্ট কাউন্টারগুলিতে কর্মীদের কাজের চাপ বা ওয়ার্কলোড পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং যাঁরা এখনও অনলাইনে টিকিট বুকিংয়ে স্বচ্ছন্দ নন বলে মনে করছেন স্থানীয়রা। এতদিন এলাকার বাসিন্দারা কাছের স্টেশন থেকেই দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে নিতেন। এখন তাঁদের বড় স্টেশনে যেতে হবে, যার ফলে সময় ও খরচ— দুটোই বাড়বে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট কাটতে গেলে অনেক সময় সাইবার ক্যাফে বা বেসরকারি বুকিং এজেন্সিগুলিকে অতিরিক্ত পরিষেবা মূল্য দিতে হয়। অন্যদিকে বড় স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পাশাপাশি দালালচক্রের সমস্যারও মুখোমুখি হতে হয়।

রবিবার অশোকনগর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার বন্ধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত এবং বন্ধ হতে চলা কাউন্টারগুলি ফের চালু রাখা প্রয়োজন।

রেলযাত্রীদের একাংশের মতে, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ অবশ্যই সময়ের দাবি। কিন্তু সেই সঙ্গে যাঁরা এখনও অফলাইনে পরিষেবা গ্রহণের উপর নির্ভরশীল, তাঁদের কথা মাথায় রেখেও পরিকাঠামো বজায় রাখা জরুরি। তাই কাউন্টার বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছেন বহু যাত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now