অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা এসেছে কি না জানবেন কীভাবে?
কলকাতা: প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। বুধবার থেকেই বহু মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা জমা পড়তে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টাকা পাওয়ার খবর সামনে আসছে। ফলে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ দেখা দিয়েছে।
তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। আবার কেউ কেউ নিশ্চিত নন, তাঁদের নামে টাকা ক্রেডিট হয়েছে কি না। সেই ক্ষেত্রে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আবেদন এবং অর্থপ্রাপ্তির বর্তমান অবস্থা জানা যাবে।
প্রথমেই নিশ্চিত করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থা সক্রিয় রয়েছে। কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে সরাসরি অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা পাঠানো সম্ভব নয়।
এরপর সরকারি পোর্টালে গিয়ে আবেদনকারীর স্ট্যাটাস দেখা যেতে পারে। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ-ইন করার পর আবেদন নম্বর এবং আধার সংক্রান্ত তথ্য দিয়ে আবেদনপত্রের বর্তমান অবস্থা যাচাই করা যাবে। সেখানে অর্থ জমা পড়েছে কি না, তা-ও উল্লেখ থাকবে।
নির্বাচনের আগে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে ছিল বিনামূল্যে বাস পরিষেবা এবং অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সহায়তা। সরকার গঠনের পর ধাপে ধাপে সেই প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালু হয়েছে। তার পরেই শুরু হল অন্নপূর্ণা ভান্ডারের টাকা বিতরণ।
অনেক উপভোক্তার মতে, এই অর্থ সংসারের খরচ সামলানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সহায়তা করবে। তবে যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্যও সুযোগ রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু থাকবে। ফলে যোগ্য মহিলারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
অন্যদিকে, যাঁদের আবেদন জমা পড়েছে কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।






