বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার জেরেই আগামী দিনে রাজ্যের আবহাওয়ায় ফের বদল আসতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। একইসঙ্গে বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে কমবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে জারি থাকবে হলুদ সতর্কতা। সোমবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতাতেও আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সঙ্গে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা ও গরমের অস্বস্তি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.৯ মিলিমিটার।








