শিয়ালদহ মেন শাখায় ৭ ঘণ্টার ট্র্যাফিক ব্লক, শনিবার ও রবিবার বাতিল একাধিক ট্রেন

On: Friday, September 4, 2026 5:43 PM
---Advertisement---

শিয়ালদহ মেন শাখায় রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের জন্য প্রায় সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক করা হবে। এর জেরে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার এবং ৬ সেপ্টেম্বর রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেন আবার আংশিক ভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সপ্তাহান্তে শিয়ালদহ মেন শাখার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে মেন লাইনের পয়েন্ট কনভার্সনের কাজ হবে। একই সঙ্গে বিভিন্ন ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে। এই কাজের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড ফিটিংস, জাম্পার এবং বন্ডিংয়ের কাজও চলবে। এ জন্য নির্দিষ্ট সময়ের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে।

কোন কোন ট্রেন বাতিল
শিয়ালদহ থেকে হাবরা রুটের ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫২, ৩৩৬৫৪ ডাউন ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত রুটে ৩১৩১১, ৩১৩১৩ আপ এবং ৩১৩১২, ৩১৩১৪ ডাউন ট্রেন চলবে না।

শিয়ালদহ থেকে ডানকুনি রুটের ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ এবং ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ রানাঘাট শাখায় ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন ট্রেন বাতিল থাকবে।

এ ছাড়াও শিয়ালদহ হাবরা রুটের ৩১২১৩ আপ এবং ৩১২১৪ ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ বারাসত রুটে ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩২ ডাউন ট্রেন এবং শিয়ালদহ দত্তপুকুর রুটে ৩৩৬১৩ আপ ও ৩৩৬১৮ ডাউন ট্রেন বাতিল থাকবে।

লালগোলা শিয়ালদহ ট্রেনেও পরিবর্তন
৫ সেপ্টেম্বর ২০২৬ লালগোলা থেকে শিয়ালদহগামী ৫৩১৭২ ডাউন ট্রেনটিকেও নির্দিষ্ট সময়ের জন্য দমদম জংশনে শর্ট টার্মিনেট করা হবে। অর্থাৎ ওই দিন ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত যাবে না। পরে ট্রেনটির খালি রেক দমদম থেকে শিয়ালদহে নিয়ে আসা হবে।

কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে এবং সুষ্ঠু ভাবে শেষ করা যায়, তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগের সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে সমন্বয় করে কাজের ব্যবস্থা করা হয়েছে।

ফলে ৫ ও ৬ সেপ্টেম্বর শিয়ালদহ মেন শাখায় যাতায়াতের আগে যাত্রীদের সংশ্লিষ্ট ট্রেনের পরিষেবা সম্পর্কে খোঁজ নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now