আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মতো কলকাতাতেও বাড়িতে বাড়িতে চলছে গোপালের পুজো। ফুল, ফল ও নানা ধরনের প্রসাদ দিয়ে আরাধনা করা হচ্ছে লাড্ডু গোপালের। অনেকেই এই বিশেষ দিনে পুজোর সামগ্রী বা গোপালের জন্য নতুন অলঙ্কার কেনার পরিকল্পনা করেন। সেক্ষেত্রে সোনা কেনা কতটা শুভ এবং আজ কলকাতায় সোনার দরই বা কত, তা জেনে নেওয়া যাক।
জন্মাষ্টমীতে সোনা কেনা কি শুভ?
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমীতে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার এবং আনন্দ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। তাই এই পবিত্র তিথিতে সোনা কিনলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস রয়েছে।
জন্মাষ্টমীতে গোপালের জন্য সোনার বাঁশি, মুকুট, পদচিহ্ন কিংবা ছোট কোনও অলঙ্কার কেনার প্রচলনও রয়েছে। ধনতেরাস বা অক্ষয় তৃতীয়ার মতোই জন্মাষ্টমীতেও সোনা কেনাকে শুভ বলে মনে করেন অনেকে।
এবারের জন্মাষ্টমী শুক্রবার পড়েছে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রবারের অধিপতি শুক্র। ধনসম্পদ ও সমৃদ্ধির সঙ্গে শুক্রের যোগ রয়েছে এবং লক্ষ্মীদেবীর সঙ্গেও শুক্রকে যুক্ত করা হয়। সেই কারণে শুক্রবার সোনা কেনাকে আরও শুভ বলে মনে করেন অনেকে।
কলকাতায় আজ সোনার দাম কত?
জন্মাষ্টমীর দিনেও কলকাতায় সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। ৪ সেপ্টেম্বর, শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩১ টাকা বেড়েছে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৬৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৩ হাজার ১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা।
২২ ক্যারেট সোনার দামও বেড়েছে। এক দিনে প্রতি গ্রামে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে দাম। ফলে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম এখন ১৪ হাজার ৩৬০ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ হবে ১ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৩৬ হাজার টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
১৮ ক্যারেট সোনার দামও আজ বেড়েছে। প্রতি গ্রামে ৯৮ টাকা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে ১১ হাজার ৭৪৯ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম এখন ১ লক্ষ ১৭ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।
রুপোর দাম কত?
সোনার দাম বাড়লেও আজ রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে ২৫০ টাকা। সেই হিসাবে এক কেজি রুপোর দাম ২ লক্ষ টাকা ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, গয়না কেনার ক্ষেত্রে সোনার মূল দামের সঙ্গে মেকিং চার্জ, জিএসটি এবং অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে। ফলে দোকানে গিয়ে চূড়ান্ত দাম কিছুটা আলাদা হতে পারে।






