গাড়ির থার্ড পার্টি বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে? ভবিষ্যতে এমন হলে পেট্রোল পাম্প থেকে তেল পাওয়াই কঠিন হয়ে যেতে পারে। সড়ক নিরাপত্তা জোরদার করা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে এই ধরনের একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পথে এগোতে বলেছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছে, দেশে নিবন্ধিত গাড়ির বড় অংশেরই বাধ্যতামূলক থার্ড পার্টি বিমা নেই। আদালতের মতে, এই পরিস্থিতি মোটর যান আইন, ১৯৮৮-এর মূল উদ্দেশ্যের পরিপন্থী। তাই বিমাহীন গাড়ি চিহ্নিত করতে এবং নিয়ম কার্যকর করতে বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রককে যৌথভাবে একটি পাইলট প্রকল্প তৈরি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এই প্রকল্প বাস্তবায়িত হলে পেট্রোল পাম্পে তেল দেওয়ার আগে গাড়ির বিমার বৈধতা ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হতে পারে। যদি দেখা যায় থার্ড পার্টি বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা বিমা বৈধ নয়, তাহলে নতুন করে বিমা না করা পর্যন্ত সেই গাড়িতে পেট্রোল বা ডিজেল দেওয়া নাও হতে পারে।
নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন চার চাকার গাড়ির ক্ষেত্রে চার বছরের এবং নতুন দু’চাকার গাড়ির ক্ষেত্রে ছয় বছরের থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক রাখার ব্যবস্থা করা হবে। উদ্দেশ্য, গাড়ি কেনার পর দীর্ঘ সময় পর্যন্ত সেটি যেন বিমার আওতায় থাকে এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে ভুক্তভোগীদের সমস্যায় না পড়তে হয়।
বিমাহীন গাড়ির উপর নজরদারি বাড়াতে ANPR বা অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাকে VAHAN পোর্টালের সঙ্গে যুক্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে নম্বর প্লেট স্ক্যান করেই গাড়ির বিমার বর্তমান অবস্থা জানা যাবে। পাশাপাশি বৈধ বিমা ছাড়া রাস্তায় চলা গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ই-চালান জারি করার মতো ব্যবস্থাও গড়ে তোলার কথা বলা হয়েছে। এই ব্যবস্থায় রাজ্য পুলিশ, ইন্স্যুরেন্স ব্যুরো এবং VAHAN পোর্টালের তথ্য ব্যবহার করা হবে।
শুধু নজরদারিই নয়, বিমা সংক্রান্ত নথিও আরও সহজবোধ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। IRDAI-কে এমন একটি নতুন ফরম্যাট তৈরির কথা বলা হয়েছে, যেখানে বেস থার্ড পার্টি কভার এবং অতিরিক্ত সুবিধাগুলি আলাদা করে উল্লেখ থাকবে। ফলে গ্রাহক সহজেই বুঝতে পারবেন তাঁর পলিসিতে ঠিক কী কী কভার রয়েছে।
এছাড়া দেশের টোল ব্যবস্থায়ও প্রযুক্তিনির্ভর পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। প্রচলিত টোল প্লাজার বদলে স্ক্যানিং-ভিত্তিক টোল পয়েন্ট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে সড়ক পরিবহণ মন্ত্রককে একটি পৃথক পাইলট প্রকল্প শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই মুহূর্তে পেট্রোল পাম্পে বিমা ছাড়া গাড়িতে তেল দেওয়া বন্ধ হচ্ছে না। সুপ্রিম কোর্ট আপাতত সংশ্লিষ্ট সংস্থাগুলিকে একটি পাইলট প্রকল্প তৈরি ও তার রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে। সেই প্রকল্পের ভিত্তিতেই ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।





