স্কুটারের বাজারে ঝড় তুলতে আসছে TVS Jupiter CNG, একবার ট্যাঙ্ক ভরলেই চলবে ২২৬ কিমি! কত দাম হতে পারে? জানুন

On: Monday, August 3, 2026 7:48 PM
---Advertisement---

দামি পেট্রোলের বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন সমাধান নিয়ে আসতে চলেছে TVS Motors। সংস্থা তাদের জনপ্রিয় Jupiter স্কুটারের CNG সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ, এই স্কুটারটি পেট্রোল এবং CNG—দুই ধরনের জ্বালানিতেই চলবে। সংস্থার দাবি, দুই জ্বালানি মিলিয়ে একবার ট্যাঙ্ক ভরলে সর্বাধিক ২২৬ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে স্কুটারটি।

গত বছর জানুয়ারি মাসে দিল্লির অটো এক্সপোতে প্রথমবার TVS Jupiter CNG-এর প্রদর্শন করা হয়েছিল। বিশ্বের প্রথম CNG স্কুটার হিসেবে সেই সময়ই এটি ব্যাপক আলোচনায় আসে। এবার ২০২৬ সালের শেষের দিকে স্কুটারটি বাজারে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে নির্দিষ্ট লঞ্চের দিন ঘোষণা করা হয়নি।

পারফরম্যান্সের দিক থেকে TVS Jupiter CNG-তে রয়েছে ১২৪.৮ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন ৭.১ bhp শক্তি এবং ৯.৪ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইরের ডিজাইনে এটি প্রায় পেট্রোলচালিত Jupiter-এর মতোই। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। CNG ট্যাঙ্ক বসানোর জন্য সিটের নীচের স্টোরেজ স্পেস বাদ দেওয়া হয়েছে। ফলে আগের মতো সেখানে হেলমেট বা অন্য জিনিস রাখা যাবে না।

তবে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লোরবোর্ডের জায়গা আগের মতোই রাখা হয়েছে। ফলে ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে বহন করা সম্ভব হবে।

এই স্কুটারের অন্যতম বড় আকর্ষণ তার ডুয়াল-ফুয়েল প্রযুক্তি। এতে ১.৪ কেজি ক্ষমতার CNG ট্যাঙ্কের পাশাপাশি ২ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হয়েছে। সংস্থার দাবি, শুধু ১ কেজি CNG-তেই প্রায় ৮৪ কিলোমিটার পথ চলতে পারবে স্কুটারটি। আর পেট্রোল ও CNG মিলিয়ে মোট রেঞ্জ পৌঁছে যেতে পারে ২২৬ কিলোমিটার পর্যন্ত।

দামের ক্ষেত্রেও এটি প্রতিযোগিতামূলক হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের দাবি, TVS Jupiter CNG-এর সম্ভাব্য এক্স-শোরুম দাম প্রায় ১.১০ লক্ষ টাকা হতে পারে।

জ্বালানির খরচ কমাতে আগ্রহী ক্রেতাদের কাছে এই স্কুটার আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে বলেই মনে করছে অটো মহল। বাজারে লঞ্চের পর পেট্রোলচালিত স্কুটারের সেগমেন্টে এর প্রভাবও চোখে পড়তে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now