যুবশক্তির ৩,০০০ টাকা পেতে এই সার্টিফিকেট লাগবেই! কীভাবে পাবেন, কারা আবেদন করতে পারবেন? জেনে নিন সবটা

On: Thursday, July 16, 2026 11:57 PM
---Advertisement---

রাজ্য সরকারের প্রস্তাবিত ‘যুবশক্তি’ প্রকল্প এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি। তবুও সম্ভাব্য আবেদনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতী। আর সেই কারণেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে ভিড় বাড়ছে প্রাক্তন পড়ুয়াদের।

মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই স্নাতক ও স্নাতকোত্তরের অরিজিনাল এবং প্রভিশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য ভিড় দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় নথি সংগ্রহ করতেই মূলত এই ভিড়।

অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট পেতে হলে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনের কাছে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। অন্যদিকে, প্রভিশনাল সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে কলেজের অধ্যক্ষ অথবা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে তা ফরওয়ার্ড করাতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে প্রযোজ্য।

আবেদনের সঙ্গে ফাইনাল মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের কপি এবং সরকার স্বীকৃত পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নথি যাচাইয়ের জন্য আবেদনকারীদের আসল ফাইনাল মার্কশিটও সঙ্গে আনতে হবে।

ফি-ও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য ১,০০০ টাকা এবং প্রভিশনাল সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা ব্যাঙ্ক চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের একটি কপি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসেও জমা দেওয়ার নিয়ম রয়েছে।

রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবশক্তি’ প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারীরা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকাররা ২,০০০ টাকা করে ভাতা পেতে পারেন।

তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কোনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অনলাইন আবেদন পোর্টালও চালু হয়নি। ফলে আবেদন কবে শুরু হবে, তা নিয়ে এখনও সরকারি ঘোষণা আসেনি।

সরকারের প্রাথমিক শর্ত অনুযায়ী, যেসব পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। সেই সম্ভাবনাকেই সামনে রেখে আগেভাগে প্রয়োজনীয় নথি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now