কম দামে বেশি সুবিধা দিতে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। এবার সেই লড়াইয়ে নতুন সংযোজন Airtel-এর ২০০ টাকার অ্যাড-অন প্ল্যান। অতিরিক্ত ডেটার পাশাপাশি বিনোদনের সুবিধা দিতে প্রিপেড গ্রাহকদের জন্য এই নতুন প্ল্যান চালু করেছে সংস্থা।
যাঁরা ইতিমধ্যেই কোনও Airtel প্রিপেড প্ল্যান ব্যবহার করছেন এবং তার সঙ্গে বাড়তি ডেটা ও OTT পরিষেবা চান, তাঁদের জন্য এই অ্যাড-অন প্ল্যানটি আনা হয়েছে। এই প্ল্যানে ২৮ দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাচ্ছে ৩০GB হাই-স্পিড ডেটা।
শুধু তাই নয়, যোগ্য গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G ডেটার সুবিধাও। তবে এর জন্য গ্রাহকের এলাকায় Airtel-এর 5G পরিষেবা উপলব্ধ থাকতে হবে এবং ব্যবহারকারীর কাছে থাকতে হবে 5G সাপোর্টেড স্মার্টফোন।
এই প্ল্যানের অন্যতম আকর্ষণ হল OTT সুবিধা। Airtel-এর এই ২০০ টাকার প্ল্যানের সঙ্গে ২৮ দিনের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মোবাইলেই দেখা যাবে লাইভ স্পোর্টস, সিনেমা এবং বিভিন্ন প্রিমিয়াম কনটেন্ট।
এছাড়াও Airtel Xstream Play Premium-এর ২৮ দিনের সাবস্ক্রিপশনও থাকছে এই প্ল্যানে। এর ফলে ব্যবহারকারীরা Lionsgate Play, Sony LIV, Aha Premium, Sun NXT-সহ ১৮টিরও বেশি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পাবেন।
তবে নির্দিষ্ট ডেটা সীমা শেষ হয়ে গেলে অতিরিক্ত ব্যবহারের জন্য আলাদা চার্জ দিতে হবে। ৩০GB ডেটা শেষ হওয়ার পর প্রতি MB ডেটার জন্য ৫০ পয়সা করে চার্জ নেওয়া হবে।
Airtel-এর এই নতুন প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হতে পারে Reliance Jio-এর ২০০ টাকার OTT Pass-এর। Jio-এর ওই প্ল্যানেও ২৮ দিনের বৈধতা এবং ৩০GB ডেটা পাওয়া যায়। পাশাপাশি JioHotstar, YouTube Premium এবং Amazon Prime Video Mobile Edition-সহ একাধিক OTT অ্যাপের সুবিধা দেওয়া হয়।
তবে Airtel-এর প্লাস পয়েন্ট হল আনলিমিটেড 5G ডেটা এবং তুলনামূলক বেশি সংখ্যক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস। ফলে যাঁরা মোবাইলে বেশি ভিডিও স্ট্রিমিং করেন বা 5G ডেটার সুবিধা নিতে চান, তাঁদের কাছে এই নতুন অ্যাড-অন প্ল্যানটি আকর্ষণীয় হতে পারে।






