দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ এখন শেষ পর্যায়ে। এই কাজ সম্পূর্ণ হলেই কবি সুভাষ থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কলকাতা মেট্রো সূত্রের দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বর থেকেই এই রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।
গার্ডার বসানোর কাজের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলের একটি অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ৩২৬ এবং ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার স্থাপনের কাজ চলছে। এরপর সেটিকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংযোগ সম্পূর্ণ হওয়ার পরই ট্র্যাক বসানো, সিগন্যালিং ব্যবস্থা তৈরি এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শুরু হবে। লক্ষ্য, দুর্গাপুজোর আগেই এই পর্বের কাজ শেষ করা। এরপর গোটা নভেম্বর মাসজুড়ে ট্রায়াল রান চালানো হবে। ট্রায়াল সফল হলে ডিসেম্বর থেকে কবি সুভাষ-আইটি সেন্টার রুটে যাত্রী পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে এই করিডরে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯.৬ কিলোমিটার পথে মেট্রো চলাচল করছে। নতুন অংশ চালু হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার—এই তিনটি নতুন স্টেশনও পরিষেবার আওতায় চলে আসবে।
এই রুট চালু হলে দক্ষিণ কলকাতা, ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং সেক্টর ফাইভগামী হাজার হাজার অফিসযাত্রীর যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সড়কপথের উপর চাপও কিছুটা কমবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।








