অন্নপূর্ণার ৩ হাজার টাকা পাননি? এবার বাড়ি বাড়ি যাবে প্রশাসন, বড় ঘোষণা মন্ত্রীর

On: Monday, July 6, 2026 6:20 PM
---Advertisement---

অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির ৩ হাজার টাকা ইতিমধ্যেই রাজ্যের এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু সব আবেদনকারীর ভাগ্যে সেই টাকা জোটেনি। বহু মহিলা অভিযোগ করেছেন, আবেদন করার পরও তাঁদের অ্যাকাউন্টে কোনও অর্থ জমা পড়েনি। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে বড় পদক্ষেপের আশ্বাস দিল রাজ্য সরকার।

রবিবার রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় জানান, যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাঁরা এখনও প্রকল্পের টাকা পাননি, তাঁদের প্রতিটি আবেদন নতুন করে খতিয়ে দেখা হবে। শুধু নথি যাচাই নয়, প্রয়োজন হলে প্রশাসনের প্রতিনিধিরা আবেদনকারীদের বাড়িতেও যাবেন।

মন্ত্রী জানিয়েছেন, সমীক্ষার মাধ্যমে আবেদন বাতিল হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করা হবে। আবেদনকারীর দেওয়া তথ্য, নথি এবং প্রকল্পের যোগ্যতার সমস্ত বিষয় পুনরায় যাচাই করবে প্রশাসন। তাঁর কথায়, “যোগ্য উপভোক্তাদের কাউকেই এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না।”

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে এসেছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছে। অনেক আবেদনকারীর দাবি, নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছয়নি। সেই পরিস্থিতিতেই প্রশাসনিক স্তরে পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে। পাশাপাশি মাসিক আর্থিক সহায়তার অঙ্কও বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, গত ১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যের এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠিয়েছে।

এবার যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তাঁদের আবেদন কেন বাতিল হয়েছে বা কোথায় সমস্যা হয়েছে, তা জানতে সরাসরি আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবে প্রশাসন। সমীক্ষার পর কেউ প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হলে, তিনি যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now