চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর অধীন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি ভিন্ন পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ই-মেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইয়ং প্রফেশনাল এবং ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ হবে। ইয়ং প্রফেশনাল পদের জন্য কৃষিবিজ্ঞান বা উদ্যানপালন বিদ্যায় স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ভেজিটেবিল সায়েন্স সংক্রান্ত গবেষণার অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
অন্যদিকে, ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। তবে কৃষিবিজ্ঞান বা উদ্যানপালন সংক্রান্ত গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগপ্রাপ্তদের ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ইয়ং প্রফেশনাল পদে নির্বাচিতদের আগামী ৩১ মার্চ পর্যন্ত চুক্তিভিত্তিক কাজ করতে হবে।
আবেদন শুধুমাত্র ই-মেলের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৫ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।







