পশ্চিমবঙ্গে আদানির বড় বিনিয়োগ! গড়ে উঠছে হেলথ সিটি, কোথায় জানুন

On: Friday, July 3, 2026 6:12 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গে শিল্প ও লগ্নির খরা কাটার এক বড়সড় ইঙ্গিত মিলছে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে। কলকাতার নিউটাউনে আসতে চলেছে বড় মাপের এক কর্পোরেট বিনিয়োগ। দেশের প্রথম সারির শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ নিউটাউনে একটি বিশাল ও অত্যাধুনিক হাসপাতাল বা হেলথ সিটি গড়ে তোলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজ্য সরকারের উচ্চপদস্থ মহল ও সংশ্লিষ্ট শিল্প গোষ্ঠীর অভ্যন্তরীণ সূত্রে এই বড় লগ্নির খবর নিশ্চিত করা গেছে।

নিউটাউনে প্রস্তাবিত এই আদানি হেলথ সিটি হতে চলেছে প্রায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল। বর্তমানের হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ আসতে পারে যা দীর্ঘদিনের লগ্নি সংক্রান্ত খরা কাটাতে ইতিবাচক ভূমিকা নেবে। প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সামাজিক দায়বদ্ধতার অংশটি। এই হাসপাতালের মোট শয্যার মধ্যে পাঁচশো শয্যা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত রাখা হবে। খুব সাশ্রয়ী ও যৌক্তিক খরচে এখানে আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হতে পারে যেখানে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাও মিলতে পারে। বাকি পাঁচশো শয্যা থাকবে সম্পন্ন ও বিদেশি রোগীদের জন্য।

চিকিৎসার গুণগত মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে আদানি গোষ্ঠী এই প্রকল্পের নলেজ পার্টনার হিসেবে আমেরিকার বিশ্ববিখ্যাত অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিকের সঙ্গে হাত মেলাচ্ছে। মেয়ো ক্লিনিকের আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল ও রিয়াল টাইম ডেটা আদান প্রদানের সুবিধা এই হাসপাতালে উপলব্ধ থাকবে। হৃদরোগ জটিল ক্যানসার নিউরোলজি অঙ্গ প্রতিস্থাপন ও বিরল রোগের চিকিৎসার ক্ষেত্রে এই কোলাবোরেশন এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এখানে দেড়শো আসনের একটি আধুনিক মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারও গড়ে ওঠার পরিকল্পনা রয়েছে।

নিউটাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি বড় মাপের হেলথ ইনফ্রাস্ট্রাকচার বা চিকিৎসা হাব গড়ে ওঠার সম্ভাবনা স্পষ্ট। আদানি গ্রুপ ছাড়াও দেশের অন্যতম নামী চিকিৎসক ডক্টর দেবী শেঠি এখানে একটি আটশো থেকে হাজার শয্যার হাসপাতাল তৈরি করছেন। পাশাপাশি মণিপাল গ্রুপও এখানে নতুন করে একটি ছয়শো শয্যার গ্রীনফিল্ড হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু করেছে। কলকাতার পুরোনো বেসরকারি হাসপাতাল যেমন পিয়ারলেস গ্রুপও প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে ক্যানসার চিকিৎসার জন্য নতুন পরিকাঠামো ও ভবন তৈরি করছে।

কল্যাণীতে এইমসের কার্যকারিতা এবং উত্তরবঙ্গে আরেকটি এইমস সমমানের হাসপাতাল তৈরির সরকারি ভাবনার পাশাপাশি বেসরকারি স্তরের এই বিপুল বিনিয়োগ পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সবচেয়ে বড় মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশ নেপাল ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর রোগীরা চিকিৎসার জন্য কলকাতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নিউটাউনে এই নতুন হাসপাতালগুলো চালু হলে চিকিৎসা পরিষেবার মান বাড়ার পাশাপাশি একে কেন্দ্র করে হোটেল গেস্ট হাউস যাতায়াত ও খুচরো বাজারের এক বিশাল স্থানীয় অর্থনীতি গড়ে উঠবে যা হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now