রাজ্যের অন্নপূর্ণা যোজনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য। ১ জুলাই, বৃহস্পতিবার একদিনেই মোট ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে মোট আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৬০ লক্ষ। এর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হওয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও অসন্তোষ।
টাকা না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় পোস্ট অফিস ও সরকারি সহায়তা কেন্দ্রগুলিতে ভিড় বাড়তে শুরু করে। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার পোস্ট অফিসে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। আধার কার্ড, মোবাইল ফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মহিলাকে। অনেকেই ছোট শিশুকে নিয়ে এসেছেন, কেউ কেউ দূরবর্তী গ্রাম থেকে এসে অপেক্ষা করেছেন সারাদিন।
ফর্ম ফিলআপ করেও যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তাঁদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। কেউ কেউ দ্রুত ডিবিটি লিঙ্ক আপডেট করানোর চেষ্টা করছেন, আবার অনেকে অভিযোগ তুলেছেন যে সঠিকভাবে আবেদন করার পরও সুবিধা পাননি।
এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপভোক্তাদের বাছাই প্রক্রিয়া নিয়ম মেনেই করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের সব যাচাই করতে হয়েছে, যাতে নিয়মের বাইরে কেউ সুবিধা না পায়। এটা সরকারি টাকা, ব্যক্তিগত নয়। উপযুক্ত প্রাপকরাই এই সুবিধা পাবেন।”
তিনি আরও জানান, তদন্তে একাধিক অনিয়ম ধরা পড়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আবেদনকারীরা দেশের বৈধ নাগরিক নন। আবার একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থেকেও সুবিধা নেওয়ার অভিযোগ মিলেছে। এছাড়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের তথ্য যাচাইয়ে প্রায় ১০ লক্ষ পুরুষ আবেদনকারীর নাম পাওয়া গিয়েছে, যা নিয়মবহির্ভূত বলে দাবি করা হয়েছে।
যদিও টাকা না পাওয়া সব আবেদনকারীই বাদ পড়েছেন এমনটা নয় বলেই জানানো হয়েছে। প্রশাসনের দাবি, যাঁদের কাগজপত্রে ত্রুটি রয়েছে বা প্রযুক্তিগত কারণে টাকা আটকে গিয়েছে, তাঁদের জন্য আবার সুযোগ রাখা হচ্ছে।
সরকার জানিয়েছে, আবেদন ও সংশোধনের প্রক্রিয়া এখনই বন্ধ হচ্ছে না। জুলাই ও আগস্ট মাস জুড়েও নতুন আবেদন এবং ভুল সংশোধন করা যাবে। ১ জুন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া মোট ৯০ দিন চলবে।
আবেদন করতে হলে মহিলাদের যেতে হবে রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল socialsecurity.wb.gov.in-এ। এখানে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ফর্ম পাওয়া যাচ্ছে। গ্রামীণ এলাকায় প্রক্রিয়া সামলাচ্ছে বিডিও অফিস, আর শহরাঞ্চলে দায়িত্বে রয়েছে এসডিও অফিস।
অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর ৮২৮২০-৮২৮২০ চালু করেছে। পাশাপাশি ইমেলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে [asap@wb.gov.in] ঠিকানায়।
সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার অর্থপ্রদান ঘিরে একদিকে যেমন স্বস্তি ফিরেছে বহু উপভোক্তার মধ্যে, তেমনই বঞ্চনার অভিযোগে তৈরি হয়েছে নতুন প্রশ্নও।






