পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হল। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং ১০০ দিনের কাজের প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দের ঘোষণা করেন।
বাজেটে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকে চালু হবে ‘ভরসা’ কর্মসূচি। ২১ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষিত ও যোগ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প আনা হচ্ছে। স্নাতক ডিগ্রিধারী বেকারদের প্রতি মাসে ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
তবে এই সুবিধা সকলের জন্য নয়। সরকার জানিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, মূলত সেই পরিবারগুলির সদস্যরাই এই প্রকল্পের আওতায় আসবেন।
কেবল ভাতা নয়, কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। বাজেটে বলা হয়েছে, কেওয়াইসি-ভিত্তিক জব কার্ডধারীদের জন্য বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গ্রামীণ এলাকার কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সরকারের দাবি।
এছাড়া ১০০ দিনের কাজের প্রকল্পে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এই বিপুল বরাদ্দ বলে মনে করছে প্রশাসনিক মহল।
নতুন সরকারের প্রথম বাজেটে বেকার যুবকদের আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী দিনে এই ঘোষণাগুলির বাস্তবায়ন কীভাবে হয়, সেদিকেই নজর থাকবে রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী ও গ্রামীণ শ্রমজীবী মানুষের।







