চিকিৎসার খরচ এখন বহু পরিবারের কাছে বড় উদ্বেগের কারণ। একটি বড় অসুস্থতা মুহূর্তের মধ্যে দীর্ঘদিনের সঞ্চয় শেষ করে দিতে পারে। এমন পরিস্থিতিতে আর্থিকভাবে দুর্বল ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)।
এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে পারে। দেশের লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। তবে অনেকেই জানেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় রয়েছেন কি না। এখন সেই তথ্য জানা সম্ভব কয়েক মিনিটের মধ্যেই, শুধু একটি মোবাইল ফোন ব্যবহার করেই।
আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্যতম বড় সুবিধা হল, এর পরিষেবা শুধু সরকারি হাসপাতালেই সীমাবদ্ধ নয়। কেন্দ্র সরকারের অনুমোদিত বহু বেসরকারি হাসপাতালও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। ফলে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগও পেতে পারেন সুবিধাভোগীরা।
তালিকায় নিজের নাম আছে কি না তা জানতে প্রথমে আয়ুষ্মান ভারতের সরকারি পোর্টাল অথবা ‘Ayushman App’-এ যেতে হবে। সেখানে ‘Am I Eligible’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করতে হবে। এরপর রাজ্যের নাম নির্বাচন করে মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর, ফ্যামিলি আইডি বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সাহায্যে অনুসন্ধান করা যাবে।
যদি কোনও ব্যক্তি প্রকল্পের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত থাকেন, তাহলে তাঁর তথ্য স্ক্রিনে দেখানো হবে। এরপর নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC), আয়ুষ্মান কেন্দ্র বা অনুমোদিত হাসপাতালের সাহায্যে আয়ুষ্মান কার্ড তৈরি করা সম্ভব।
কার্ড তৈরি হয়ে গেলে প্রকল্পভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। অর্থাৎ চিকিৎসার খরচ রোগীকে সরাসরি বহন করতে হবে না, নির্ধারিত সীমার মধ্যে সেই ব্যয় প্রকল্পের মাধ্যমেই মেটানো হবে।
স্বাস্থ্য সুরক্ষাকে আরও সহজলভ্য করতে কেন্দ্র সরকারের এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই চিকিৎসার প্রয়োজনে আর্থিক সহায়তা পেতে চাইলে আগে দেখে নেওয়া জরুরি, আপনার নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কি না।







