বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এ বড় পরিবর্তনের ইঙ্গিত। শারীরিক সমস্যার কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। ফলে এখন দর্শকদের কৌতূহল, তাঁর অভিনীত রাহুল চরিত্রে কাকে দেখা যাবে?
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন মুখ খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষে দীর্ঘ সময় নায়কবিহীন অবস্থায় শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই দ্রুত বিকল্প ভাবনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, কয়েক জন অভিনেতার ‘লুক টেস্ট’ নেওয়া হচ্ছে। সেই তালিকায় অভিনেতা সায়ন বসু (Sayan Basu)-র নামও রয়েছে। মঙ্গলবার রাতে তাঁর ‘লুকসেট’ হয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত কাউকেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। বুধবার আরও কয়েক জন অভিনেতার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন নায়কের নাম ঘোষণা হতে পারে।
গত মে মাসের শেষ দিকে শুটিং চলাকালীন গুরুতর চোট পান শুভ্রজিৎ সাহা (Subhrojit Saha)। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা যায়, তাঁর ডান পায়ের লিগামেন্টের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও পরবর্তী মেডিক্যাল রিপোর্টে আরও কিছু জটিলতার ইঙ্গিত মেলে।
সম্প্রতি সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে শুভ্রজিৎ লেখেন, “এমআরআই রিপোর্ট হাতে এল, ডাক্তারের কথা শুনে জানলাম পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। এখন পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েক দিন কাজ করেছি। কারণ ‘শুধু তোমারি জন্য’-এর গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গিয়েছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না।”
টেলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে, ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছেন অভিনেতা। ইতিমধ্যেই প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দেওয়া হয়েছে বলে খবর।
এর আগে শুভ্রজিতের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra)। তিনি বলেছিলেন, “ধারাবাহিকেও দেখানো হচ্ছিল, নায়ক রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়েছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে। বাস্তবেও সেটাই ঘটল। সেটে শুট করতে করতে আচমকা পড়ে যায় শুভ্রজিৎ। ভাগ্যিস, আমার কোনও শুট চলছিল না বলে বাড়িতে ছিলাম। সঙ্গে সঙ্গে সেটে আসি। শুভ্রজিতের পায়ের এক্স-রে করাই।”
এখন প্রশ্ন একটাই— রাহুলের চরিত্রে শেষ পর্যন্ত কাকে বেছে নেবে নির্মাতারা? সায়ন বসুই কি হবেন নতুন মুখ, নাকি আসবেন অন্য কেউ? উত্তর পেতে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না দর্শকদের।








