একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ‘মা’ ধারাবাহিকের ঝিলিক হিসেবে দর্শকের মনে আজও আলাদা জায়গা রয়েছে তিথি বসুর। তবে গত কয়েক বছরে অভিনয়ের জগত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় ভ্লগিংয়েই বেশি মনোযোগী ছিলেন তিনি। কিন্তু এখন ফের অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানালেন তিথি। আর সেই প্রসঙ্গেই উঠে এল ইন্ডাস্ট্রির পরিবেশ ও রাজনীতির প্রসঙ্গ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিথি জানিয়েছেন, অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত পুরোপুরি পরিকল্পিত ছিল না। তাঁর কথায়, “এখন একটা পরিবর্তন এসেছে। অনেকটাই সরে গিয়েছিলাম ইন্ডাস্ট্রি থেকে। কাউকে বলিনি কাজ দাও। এমন নয় যে আমার কাজ করার ইচ্ছা ছিল না। কিন্তু পরিবেশ দেখে মনে হয়নি যে এখানে থাকার দরকার আছে বলে।”
তবে কি তাঁকে কাজের ক্ষেত্রে কোনও বাধার মুখে পড়তে হয়েছিল? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সরাসরি কোনও অভিযোগ করতে চাননি। তবুও নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আনুষ্ঠানিক ভাবে আমি এ কথা বলতে পারি না যে আমার সঙ্গে অন্যায় কিছু হয়েছিল। কিন্তু এটা ঠিক আমার বাবা তৃণমূলঘনিষ্ঠ ছিলেন না কোনও দিন। আদ্যোপান্ত সিপিএম ঘনিষ্ঠ ছিলেন। ২০১৪ সাল থেকে বাবা বিজেপিতে যোগ দেন। এই কারণে হয়তো আমাকে কাজ দেওয়া হয়নি। আসলে সময়টা ছিল হয় তোমাকে ঝান্ডা ধরতে হবে না হলে আপস করতে হবে। কোনওটাই করা সম্ভব ছিল না।”
তিথির এই মন্তব্য নতুন করে টলিউডে রাজনীতি এবং কাজের সুযোগের সম্পর্ক নিয়ে বিতর্ক উসকে দিতে পারে বলেই মনে করছেন অনেকেই। যদিও তিনি স্পষ্ট করে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলেননি।
বর্তমানে অবশ্য পরিস্থিতি বদলেছে বলেই মনে করছেন অভিনেত্রী। তাঁর বিশ্বাস, এখন অভিনয়ে ফিরতে গেলে আগের মতো সমস্যার মুখে পড়তে হবে না। এমনকি ভালো সুযোগ পেলে আবার ধারাবাহিকেও অভিনয় করতে প্রস্তুত তিনি।
ইতিমধ্যেই নতুন ছবির কাজ শুরু করেছেন তিথি। ‘প্রেম থেকে শুরু’ নামে একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোমা বন্দ্যোপাধ্যায়। এর আগেও সোমার সঙ্গে কাজ করেছেন তিথি।
উল্লেখ্য, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মা-এর হাত ধরেই জনপ্রিয়তা পান তিথি। সেই ধারাবাহিকে ঝিলিক ও হীরাম্মার সম্পর্ক দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। ভবিষ্যতে আবার সেই জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে বিষয়ে অবশ্য এখনই মুখ খুলতে চাননি অভিনেত্রী।
অভিনয়ে প্রত্যাবর্তনের পাশাপাশি তাঁর সাম্প্রতিক মন্তব্যও এখন বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।








