সরকারি সংস্থায় উচ্চপদে চাকরির খোঁজে থাকা অভিজ্ঞ পেশাদারদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। সংস্থার ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আকর্ষণীয় বেতন এবং উচ্চপদস্থ দায়িত্বের কারণে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে এই নিয়োগ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ স্থায়ী নয়, সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে সংস্থার প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতন পাবেন। ফলে সরকারি ক্ষেত্রের উচ্চ বেতনের চাকরিগুলির মধ্যে এটি অন্যতম বলে মনে করা হচ্ছে।
যোগ্যতার ক্ষেত্রে বিএসএনএল জানিয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA), এমবিএ অথবা ফিন্যান্স বিভাগে ম্যানেজমেন্ট সংক্রান্ত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে। আগ্রহী প্রার্থীদের বিএসএনএলের নিয়োগ পোর্টালে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৪ জুন। তাই যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অফিসিয়াল আবেদন পোর্টাল: https://bsnlregistration.ibtexamination.com





