ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তার জট কাটিয়ে ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে জ়ি এন্টারটেনমেন্ট। ফলে আসন্ন ফুটবল বিশ্বকাপ-সহ ফিফার একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা এবার দেখা যাবে জ়ি-র প্ল্যাটফর্মে। তবে খেলা উপভোগ করতে হলে দর্শকদের পকেট থেকে কিছুটা খরচ করতেই হবে।
বর্তমানে অধিকাংশ দর্শকই মোবাইল ফোনে খেলা দেখতে অভ্যস্ত। সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপ সম্প্রচারের আগে নিজেদের ওটিটি প্ল্যাটফর্ম জ়ি ফাইভকে সামনে আনছে সংস্থা। জানা গিয়েছে, তিন মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের দাম রাখা হয়েছে ৭৯৯ টাকা। এই প্ল্যানে শুধু বিশ্বকাপ নয়, জ়ি ফাইভের সমস্ত সিনেমা, সিরিজ় ও অন্যান্য কনটেন্টও দেখা যাবে।
যাঁরা দীর্ঘমেয়াদে পরিষেবা ব্যবহার করতে চান, তাঁদের জন্য রয়েছে বার্ষিক প্ল্যান। ১৬৯৯ টাকার এই সাবস্ক্রিপশনে একই সময়ে চারটি ডিভাইসে স্ট্রিমিংয়ের সুবিধা মিলবে। পাশাপাশি থাকছে ৪কে আল্ট্রা এইচডি মানের সম্প্রচার এবং উন্নত অডিও অভিজ্ঞতা।
তবে শুধুমাত্র ফুটবল বিশ্বকাপের জন্য কোনও বিশেষ বা স্বল্পমূল্যের প্যাকেজ আনা হবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও প্রতিযোগিতা শুরুর আগে এমন কোনও পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে বাজারে জল্পনা রয়েছে।
অন্যদিকে, যাঁদের ইতিমধ্যেই জ়ি ফাইভের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের নতুন করে কোনও খরচ করতে হবে না। একই সুবিধা পাবেন সেই সব গ্রাহকরাও, যাঁদের জিয়ো, এয়ারটেল, ভোডাফোন, ওটিটি প্লে বা টাটা প্লের নির্দিষ্ট প্যাকেজের সঙ্গে জ়ি ফাইভ পরিষেবা যুক্ত রয়েছে।
মোবাইলের পাশাপাশি টেলিভিশনেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্পোর্টস চ্যানেল আলাদা করে নিতে হবে। বাজার সূত্রে খবর, ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলের মাসিক মূল্য যথাক্রমে ৭ ও ৮ টাকা হতে পারে। এইচডি সংস্করণের ক্ষেত্রে সম্ভাব্য দাম ৯ ও ১১ টাকা। যদিও এই মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখন ফুটবলপ্রেমীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন— কোন প্ল্যাটফর্মে, কত খরচে এবং কী সুবিধা নিয়ে তাঁরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করবেন। সেই উত্তর অনেকটাই স্পষ্ট হলেও, শেষ মুহূর্তে নতুন কোনও অফার বা বিশেষ প্যাকেজ আসে কি না, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।








