আজ থেকেই মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রা, দেখাতে হবে কী কী নথি?

On: Monday, June 1, 2026 1:16 PM
---Advertisement---

নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বড় ঘোষণা বাস্তবে রূপ পেল সোমবার। ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। ফলে শহর, মফস্‌সল কিংবা পাহাড়— রাজ্যের যে প্রান্তেই হোক না কেন, সরকারি বাসে সফরের জন্য আর কোনও ভাড়া দিতে হচ্ছে না মহিলা যাত্রীদের।

নতুন এই পরিষেবায় বাসে উঠলেই মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘জ়িরো ব্যালান্স’ টিকিট। আপাতত পরিচয়পত্র দেখিয়েই এই সুবিধা পাওয়া যাচ্ছে। স্বল্প দূরত্বের রুটের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও একই নিয়ম কার্যকর হয়েছে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ১২ ধরনের পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, পেনশন সংক্রান্ত নথি, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড-সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে টিকিট মিলছে।

প্রকল্প চালুর আগে বাসচালক এবং কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কীভাবে ‘জ়িরো ব্যালান্স’ টিকিট ইস্যু করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন ডিপোতে। সরকারি বাসগুলিতে যাত্রীদের অবগত করতে বিশেষ লিফলেটও লাগানো হয়েছে।

তবে এই ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে ভবিষ্যতে বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আপাতত পরিচয়পত্র দেখিয়ে মহিলারা এই সুবিধা পাবেন। পরবর্তী পর্যায়ে শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য পৃথক কার্ড চালু করা হবে, যাতে প্রকল্পের অপব্যবহার রোধ করা যায়।

প্রথম দিনেই এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বহু যাত্রী। প্রতিদিন অফিসযাত্রী এক মহিলা বলেন, “আমরা সাধারণ চাকুরিজীবী। রোজ বাসে যাতায়াত করতে হয়। বাসে খুব ভিড় থাকে, সবসময় বসার জায়গা পাওয়া যায় না। ভাড়া লাগছে না, তাতে আমরা খুব খুশি।”

আর এক যাত্রীর কথায়, “এই ব্যবস্থা চালু হওয়ায় আমাদের খুব ভাল লাগছে। কারণ, এতে আমাদের যাতায়াতের খরচটা বাঁচবে।”

এ দিন সমাজমাধ্যমেও এই প্রকল্পের সূচনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “পাহাড় থেকে সমতল— মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ।” একই সঙ্গে তিনি দাবি করেন, মহিলাদের নিরাপত্তা, স্বনির্ভরতা এবং সামাজিক অগ্রগতিকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের আশা, এই প্রকল্পের ফলে কর্মজীবী, ছাত্রী, গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মহিলাদের যাতায়াতের খরচ কমবে। আর প্রথম দিনের অভিজ্ঞতা বলছে, নতুন এই উদ্যোগকে ইতিমধ্যেই ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন রাজ্যের বহু মহিলা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now