মহিলাদের ক্রিকেটে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেখা যাবে শুধুমাত্র মহিলা ম্যাচ অফিসিয়ালদের। আম্পায়ার থেকে ম্যাচ রেফারি— সব দায়িত্বেই থাকছেন মহিলারা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছে আইসিসি (International Cricket Council)।
ক্রমাগত চতুর্থ আইসিসি প্রতিযোগিতায় এই উদ্যোগ বজায় রাখল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এর আগে ২০২৩ এবং ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্পূর্ণ মহিলা ম্যাচ অফিসিয়াল প্যানেল দেখা গিয়েছিল। ২০২৫ সালের মহিলা এক দিনের বিশ্বকাপেও একই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। সেই ধারাবাহিকতাই বজায় থাকছে এ বারও।
আইসিসি জানিয়েছে, ক্রিকেটে আরও বেশি সংখ্যক মহিলাকে আম্পায়ারিং ও ম্যাচ পরিচালনার পেশায় উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের বিস্তার এবং গ্রহণযোগ্যতা বাড়াতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থা।
এ বারের বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন চার জন ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন আম্পায়ার— Gayathri Venugopalan, Vrinda Rathi এবং Janani N। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন GS Lakshmi। বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথম বার ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন গায়ত্রী বেণুগোপালন।
মোট ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারি। অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার Claire Polosak। এ বার নিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বকাপের ২২টি ম্যাচে আম্পায়ারিং করেছেন ক্লেয়ার। পাশাপাশি Jacqueline Williams এবং Kim Cotton ১৯টি করে বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন।








