স্বস্তির বৃষ্টি আসছে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়ের দাপট, কমতে পারে তাপমাত্রা

On: Thursday, May 28, 2026 6:07 PM
---Advertisement---

কয়েক দিন ধরেই অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেই পরিস্থিতিতে সাময়িক বদল আসতে চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। কিছু জেলায় হাওয়ার গতি আরও বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বিশেষ করে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝড়ের দাপট তুলনায় বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে ‘কমলা সতর্কতা’।

শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের অনুমান, এই বৃষ্টির জেরেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় গরমের খুব একটা হেরফের না হলেও তার পরের তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। যদিও তার পরে আবার তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়ায় ঝড়বৃষ্টির খবর মিলেছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই পরিস্থিতি বজায় থাকবে।

শনিবারও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

ঝড়বৃষ্টির জেরে সমুদ্রও উত্তাল থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেই কারণে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।

অন্য দিকে উত্তরবঙ্গেও স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতেও স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now