“মেদিনীপুর সব সময় এগিয়ে”, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে দেবের মন্তব্যে জোর চর্চা

On: Tuesday, May 26, 2026 3:21 PM
---Advertisement---

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে টলিউডের অন্দরেও চলছে নানা জল্পনা। বিশেষ করে শিল্পী মহলে ‘ব্যান সংস্কৃতি’, কাজের পরিবেশ এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক— এই সব নিয়েই চর্চা তুঙ্গে। সেই আবহেই মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। আর তাঁর মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।

সম্প্রতি এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি রাজনৈতিক মন্তব্যে না গিয়ে নিজের পরিচয়ের জায়গাকেই সামনে আনেন দেব। অভিনেতার কথায়, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।” কারণ, শুভেন্দু যেমন মেদিনীপুরের মানুষ, তেমনই দেবেরও শিকড় ওই জেলাতেই।

তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে কাজ করার জন্য পরিচিত দেব। রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীনও বিজেপি-ঘনিষ্ঠ অভিনেতা বা কলাকুশলীদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। টলিউডে যখন নানা সময়ে ‘বয়কট’ বা ‘ব্যান’-এর অভিযোগ উঠেছে, তখনও দেবকে তুলনায় আলাদা অবস্থানে দেখা গিয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, এখন তিনি মূলত অভিনয় এবং প্রযোজনার কাজেই মন দিতে চান। সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকার ইচ্ছার কথাও শোনা গিয়েছিল তাঁর গলায়।

তবে শুধু ব্যক্তিগত পরিকল্পনা নয়, বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী দেব। তাঁর মতে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে কাজের পরিবেশ আরও স্বাভাবিক হতে পারে। অভিনেতা বলেছিলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপানোও কমবে। ভাল ভাবে কাজ হবে। বাইরে থেকেও কাজ আসবে।”

যদিও সেই আশার সঙ্গেই সতর্কবার্তাও দিয়েছেন তিনি। দেবের বক্তব্য, অতীতের ভুল যেন আর না ফেরে। তাঁর কথায়, “যদি আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে, তা হলে ইন্ডাস্ট্রির জন্য ভাল সময় আসতে পারে।”

ভোটের আগে শারীরিক অসুস্থতা নিয়েও দলের হয়ে প্রচারে নেমেছিলেন দেব। কিন্তু ফলপ্রকাশের পরে তাঁর ফোকাস এখন স্পষ্টতই বাংলা ছবির জগৎ। অভিনেতার দাবি, যাঁরা বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি চান, তাঁদের পাশে তিনি থাকবেন। সামনে থেকে নয়, প্রয়োজনে নেপথ্য থেকেও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now