ওল্ড মঙ্ক থেকে রয়্যাল চ্যালেঞ্জ! জনপ্রিয় একাধিক মদের ভ্যারিয়েন্টে বিক্রি বন্ধের নির্দেশ, কেন এই সিদ্ধান্ত?

On: Wednesday, August 5, 2026 7:40 PM
---Advertisement---

মদপ্রেমীদের জন্য বড় ধাক্কা। ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI জনপ্রিয় কয়েকটি হুইস্কি ও রামের নির্দিষ্ট ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ, অ্যান্টিকুইটি ব্লু, ম্যাকডাওয়েলস নাম্বার ওয়ান, ব্যাগপাইপার ডিলাক্স এবং ওল্ড কাস্ক ডিলাক্স XXX রামের কয়েকটি ব্যাচ।

FSSAI-র অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলি এমন কিছু ভ্যারিয়েন্ট বাজারে এনেছে, যেখানে পানীয়ের স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য আলাদা করে ফ্লেভার ব্যবহার করা হয়েছে। অথচ সেই পণ্যগুলির লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। নিয়ম অনুযায়ী, যদি অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করা হয়, তাহলে সেই পানীয়কে ‘রাম’ বা ‘হুইস্কি’ হিসেবে নয়, ‘ফ্লেভার্ড স্পিরিট’ বা ‘রাম-ফ্লেভার্ড স্পিরিট’ হিসেবে চিহ্নিত করতে হয়।

রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তদন্তে দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে হুইস্কিতে আলাদা করে হুইস্কির ফ্লেভার এবং রামে রামের ফ্লেভার মেশানো হয়েছে। এছাড়া পরীক্ষায় কিছু ভ্যারিয়েন্টে কৃত্রিম ফ্লেভার ব্যবহারেরও প্রমাণ মিলেছে। সেই কারণেই সংশ্লিষ্ট পণ্যগুলিকে ‘সাব স্ট্যান্ডার্ড’ বলে চিহ্নিত করেছে FSSAI।

ওল্ড মঙ্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে তিনটি ভ্যারিয়েন্টে। এগুলি হল The Legend, Gold Reserve এবং XXX Matured Rum। এই তিনটি পণ্য মহারাষ্ট্রে মোহন রকি স্প্রিংওয়াটারের কারখানায় তৈরি হয়। FSSAI-র দাবি, দীর্ঘদিন এজিংয়ের পরিবর্তে কৃত্রিম ফ্লেভারের ব্যবহার করা হয়েছে। ফলে এই ভ্যারিয়েন্টগুলি আর বাজারে বিক্রি করা যাবে না।

এ ছাড়াও যেসব পণ্যের নির্দিষ্ট ব্যাচের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলি হল ইউনাইটেড স্পিরিটসের বারাবতি কারখানায় তৈরি ম্যাকডাওয়েলস নাম্বার ওয়ান, ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি, ইনব্রু বেভারেজেসের মধ্যপ্রদেশ কারখানায় তৈরি ওল্ড কাস্ক ডিলাক্স XXX রাম এবং ইউনাইটেড স্পিরিটসের মধ্যপ্রদেশ কারখানায় উৎপাদিত অ্যান্টিকুইটি ব্লু ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কির কয়েকটি ব্যাচ।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতির কথা জানিয়েছে FSSAI। সংস্থার দাবি, ওল্ড মঙ্কের একটি ভ্যারিয়েন্টের লেবেলে ‘7 Years Old Blended’ লেখা থাকলেও পরীক্ষায় দেখা গিয়েছে, সেই পণ্যের ৯৫ শতাংশেরও বেশি অংশ ছিল আন-এজড স্পিরিট। ম্যাচিওরড রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। ফলে লেবেলে উল্লেখ করা তথ্যের সঙ্গে পণ্যের প্রকৃত গঠন মিল না থাকায় সেই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা সব ধরনের ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ বা অন্যান্য ব্র্যান্ডের উপর নয়। শুধুমাত্র FSSAI-র পরীক্ষায় চিহ্নিত নির্দিষ্ট ভ্যারিয়েন্ট ও ব্যাচগুলির ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now