সেলফি থেকে ব্যাঙ্ক জালিয়াতি? বায়োমেট্রিক চুরি নিয়ে বাড়ছে উদ্বেগ

On: Thursday, May 21, 2026 9:30 PM
---Advertisement---

সেলফি তুলতে গিয়ে দু’আঙুল তুলে ‘ভিকট্রি সাইন’ দেখানো এখন প্রায় অভ্যাসে দাঁড়িয়েছে। বন্ধুদের সঙ্গে ছবি হোক বা সমাজমাধ্যমে পোস্ট— এই ভঙ্গি বহু মানুষের কাছেই জনপ্রিয়। কিন্তু সেই নিরীহ অভ্যাসই বড় সাইবার বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত ছবি বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে সাধারণ ছবির মধ্য থেকেও আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব। এমনকি সমাজমাধ্যমে পোস্ট করা সেলফি থেকেও বায়োমেট্রিক তথ্য চুরি হয়ে যেতে পারে।

সম্প্রতি নিরাপত্তা গবেষকেরা হাতে-কলমে দেখিয়েছেন, বিভিন্ন তারকার পোস্ট করা ছবির মধ্য থেকে কী ভাবে আঙুলের ছাপ উদ্ধার করা যায়। সেই পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, কেউ যদি ক্যামেরার দিকে আঙুলের ডগা স্পষ্ট রেখে ছবি তোলেন এবং ছবিটি প্রায় দেড় মিটারের মধ্যে থেকে তোলা হয়, তা হলে আঙুলের ছাপের সূক্ষ্ম তথ্য সংগ্রহ করা তুলনামূলক সহজ হয়ে যায়। এমনকি তিন মিটার দূর থেকে তোলা ছবিতেও আংশিক ছাপ উদ্ধার সম্ভব।

সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। সাধারণ চোখে ঝাপসা বা অস্পষ্ট দেখানো অংশকেও এখন এআই প্রযুক্তির সাহায্যে অনেক বেশি পরিষ্কার করা যাচ্ছে। ফলে কম মানের ছবিতেও লুকিয়ে থাকা আঙুলের ছাপকে বিশদ বায়োমেট্রিক ডেটায় রূপান্তর করা সম্ভব হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, পাসওয়ার্ড বদলানো গেলেও আঙুলের ছাপ বা মুখের গঠন বদলানো যায় না। ফলে এক বার এই ধরনের তথ্য ফাঁস হয়ে গেলে তার প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। পরিচয় চুরি থেকে শুরু করে আর্থিক প্রতারণা— একাধিক ঝুঁকি তৈরি হতে পারে।

এই ধরনের তথ্যচুরির পিছনে আন্তর্জাতিক হ্যাকার চক্র সক্রিয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, চিন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত কিছু গোষ্ঠীর নামও উঠে এসেছে তদন্তে। অভিযোগ, তারা উন্নত এআই মডেলকে কাজে লাগিয়ে বৃহৎ পরিসরে তথ্য সংগ্রহ এবং সাইবার হামলার চেষ্টা করছে।

জেমিনি, ক্লড বা ওপেনএআই-এর মতো সংস্থার বাণিজ্যিক এআই মডেলগুলিকেও বিভিন্ন অপরাধচক্র নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। যদিও এই সংস্থাগুলি নিরাপত্তা সংক্রান্ত একাধিক নীতি ও নিয়ন্ত্রণের কথা জানিয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সমাজমাধ্যমে ছবি পোস্ট করার সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হাতের আঙুল ক্যামেরার খুব কাছে এনে ছবি তোলা বা উচ্চ রেজ়োলিউশনের ক্লোজ়-আপ ছবি প্রকাশ্যে শেয়ার করা এড়িয়ে চলাই নিরাপদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now